পুকুরে বাসরঘর সাজিয়ে ভাইরাল ওয়ার্কশপ শ্রমিক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ০১:৩০ এএম

পুকুরে বাসরঘর সাজিয়ে ভাইরাল ওয়ার্কশপ শ্রমিক

পুকুরের ওপর নিজের বাসর ঘর বানিয়ে রীতিমত ভাইরাল হয়ে গেছেন শেরপুরের হালিম মিয়া নামে এক ওয়ার্কশপ শ্রমিক। শুধুমাত্র নিজের শখ মেটানোর জন্যই তিনি এই অন্যরকম কিছু করলেন। পুকুরের  পানির ওপর তার বানানো বাসরঘরটি বেশ নজর কেড়েছে।আর দেখতে আসা লোকদের সংখ্যাও দিন দিন বাড়ছে।

শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের সাতানীপাড়ার আব্দুল হা‌মিদের ৯ ছেলেমেয়ের মধ্যে সবার ছোট হা‌লিম মিয়া। পেশায় ওয়ার্কশপ শ্রমিক। হালিম মিয়ার ইচ্ছে একটু ভিন্নভাবে বিয়ে করার। আর সেই ইচ্ছা থেকেই এমন ভিন্ন আয়োজনের কথা মাথায় আসে। গত শুক্রবার (২২ জুলাই) বিয়ে উপলক্ষে এমন বাসর ঘর তৈরি করে সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছেন তিনি।

হা‌লিম মিয়া গণমাধ্যমকে  বলেন, “আমার বিয়ের কথা চূড়ান্ত হওয়ার পর থেকে আমার ইচ্ছা হয় ভিন্ন কিছু করার। সেই ইচ্ছা থেকে আমার নানা ও চাচা মিলে উদ্যোগ নিই পা‌নিতে বাসর ঘর তৈ‌রি করার। পরে গত ৪ থেকে ৫‌দিন ধরে আমার নানা ও চাচা মিলে আমাদের বা‌ড়ি‌র পাশে পুকুরের ওপর খুব কষ্ট করে তৈরি করেন এই বাসর ঘর। আশপা‌শের মানুষ ঘর‌টি দেখতে আমার বাড়িতে আসতে শুরু করে। আমার খুব ভালো লাগছে, আমি অনেক উৎসাহ পা‌চ্ছি।”

চাচা রোকন সরকার গণমাধ্যমকে বলেন, “আমার ভা‌তিজার খুব ইচ্ছা বিয়ে নিয়ে ভিন্ন কিছু করার। পরে বিয়ে ঠিক হলে আম‌রা পা‌রিবা‌রিকভাবে কয়েকবার বসে সিদ্ধান্ত নিই পা‌নির ওপরে বাসর ঘর করার। বানানোর সময় অনেক মানুষ নেতিবাচক মন্তব্য করেছিল। কিন্তু সব সম্পূর্ণ হয়ে গেলে এই বাসর ঘর দেখতে মানুষ ভিড় শুরু করে।”

চরশেরপুর ইউনিয়ন প‌রিষদের (ইউপি) চেয়ারম্যান সে‌লিম রেজা বলেন, আমার ইউনিয়নে এমন বিয়ে হওয়ায় মানুষের মাঝে হইচই শুরু হয়ে‌ছে। আমি পা‌নিতে এমন বাসর ঘর দে‌খিনি।” তবে এই বাসর ঘর দেখতে প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছেন বলে স্বীকার করেন স্থানীয় এই জনপ্রতিনিধি।

Link copied!