প্রচলিত নিয়ম ভেঙ্গে বরের বাড়িতে যেয়ে বিয়ে সারলেন কনে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০৭:০৪ পিএম

প্রচলিত নিয়ম ভেঙ্গে বরের বাড়িতে যেয়ে বিয়ে সারলেন কনে

সাধারণত বর বিয়ে করতে কনের বাড়িতে যান। বরযাত্রীদের মধ্যে থাকেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশিরা। যুগ যুগ ধরে চলে আসছে এই  নিয়ম। তবে এই নিয়মের ব্যতিক্রম ঘটনার  জন্ম দিয়েছেন ইতি সেলিনা নামে এক সংস্কৃতিকর্মী। তিনি কনেযাত্রী নিয়ে বিয়ে করতে চলে যান বরের বাড়ি এবং সামাজিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়।

বুধবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে এক ব্যতিক্রমধর্মী আসরে বিয়ে সম্পন্ন হয়। বরযাত্রীর বদলে কনেযাত্রীর মধ্যে ছিলেন   উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা,  সহকারী কমিশনার (ল্যান্ড) বনি আমিন, কনের বাবা আব্দুল কাদেরসহ ৪০ থেকে ৫০ জন।

বিয়ের কনে সংস্কৃতিকর্মী ইতি সেলিনা শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে বাস করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের কন্যা। অন্যদিকে, বর বেসরকারি দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এমএ মালেক শান্ত লস্কর মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে।

ইতি সেলিনা গণমাধ্যমকে জানান, “তাদের বিয়েটি পারিবারিকভাবে আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পুরুষশাসিত সমাজ থেকে মেয়েরা যাতে বেরিয়ে আসতে পারে সেজন্য তিনি কনের বাড়িতে নয়; বরের বাড়িতে কনেযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন।”

ব্যতিক্রমী এ বিয়ে নিয়ে বর এমএ মালেক শান্ত লস্কর বলেন, “প্রচলিত নিয়ম ভেঙে কনে এসেছেন তাদের বাড়িতে বিয়ে করতে। এই বিয়ে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয়েছে। কনে তার পূর্বপরিচিত। ৫ লাখ টাকার দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফতেমা লিজা গণমাধ্যমকে বলেন, “ব্যতিক্রমী এ বিয়ের কনে ইতি সেলিনা তার পরিবহন ড্রাইভারের কন্যা। বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসাবে আমিও উপস্থিত ছিলাম।”

Link copied!