মমতা ব্যানার্জী বিয়ে করলেন সোস্যালিজমকে। তবে এই মমতা ব্যানার্জী ভারতের পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী না। মমতা ও সোস্যালিজমের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম জেলায়। রবিবার (১৩ জুন) আলোচিত এই জুটির বিয়ের অনুষ্ঠান হয়।
তামিলনাড়ু সিপিআইর রাজ্য সভাপতি আর মুথারাসনের উপস্থিতিতে বিয়েটা সম্পন্ন হয়। অবশ্য এর আগেই নামের কারণে তাদের বিয়ের কার্ড ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। তাতে কনের নাম পি মমতা ব্যানার্জী এবং বরের নাম এএম সোস্যালিজম লেখা দেখে অনেকেই বিস্মিত হন। অনেকেই ভেবেছিলেন কেউ মজা করেছে, না হয় ভুল করে এমন নাম ছেপেছে।
পরে অবশ্য দুই পরিবারের সদস্যরা বিয়ের নিমন্ত্রণপত্রটি আসল বলে নিশ্চিত করেন। সোস্যালিজম সালেম জেলার সিপিআই-র জেলা সম্পাদক এ মোহনের ছেলে। সোস্যালিজমের আরও দুই ভাই আছে, তাদের নাম কমিউনিজম এবং লেনিনিজম। কমিউনিজমের ছেলের নাম মার্কসিজম।
বিয়ের অনুষ্ঠানের আগে মোহন ছেলেদের এমন নামকরণের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে অনেকেই বলেছিলেন কমিউনিজম শেষ হয়ে গেছে। বিশ্বের কোথাও এই মতাদর্শ থাকবে না। ওই সময় আমার প্রথম ছেলের জন্ম হয়। তখনি আমি ছেলের নাম কমিউনিজম রাখার সিদ্ধান্ত নেই। আমার বিশ্বাস, যতদিন মানবজাতি টিকে থাকবে তত কমিউনিজমও থাকবে।
তিনি আরও বলেন, সালেহতে অনেক মানুষের নাম রাশিয়া, মস্কো, চেকোশ্লাভিয়া, রোমানিয়াও আছে।
তবে মোহনের পরিবার সিপিআইয়ের সমর্থক হলেও তার পুত্রবধূর পরিবার কংগ্রেসের সমর্থক। মমতার নাম রেখেছিলেন তার ঠাকুরদা। তবে মমতা ব্যানার্জি তখন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ছিলেন না। মমতা তখন কংগ্রেসের সদস্য ছিলেন। সূত্র : টাইমসনাউ