ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৫:৪২ পিএম
বেশিরভাগ দেশে জনগণের আয়ের ওপর ট্যাক্স নির্ধারণ করে থাকে সরকার। তবে এর ব্যতিক্রমও রয়েছে কোনো কোনো দেশে। যেমন প্রেমিকা না থাকলে, টয়লেট ফ্লাশ করোর জন্য এমনকি ট্যাটু করার জন্যও ট্যাক্স দিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিসৌরি শহরে ২১ থেকে ৫০ বছর বয়সি ব্যাচেলর পুরুষদের ট্যাক্স দিতে হয়। ব্যাচেলর পুরুষ প্রতি ট্যাক্স নেওয়া হয় ১ ডলার। জনসংখ্যা বাড়াতে ১৮২১ সাল থেকে আমেরিকার মিসৌরিতে এই ট্যাক্স দেওয়া শুরু হয় বলে প্রতিবেদনে বলা হয়।
বিয়ে করতে চান না কিংবা প্রেমেও বিশ্বাস করেন না- এ ধরণের পুরুষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে জনসংখ্যা কমতে থাকে। ফলে প্রাদেশিক সরকার পুরুষ ব্যাচেলরদের ওপর বার্ষিক ট্যাক্স ধার্য করে।
তবে এই ট্যাক্সের শুরু যুক্তরাষ্ট্র্রের মিসৌরিতে নয়। ১৬৯৫ সালে যুক্তরাজ্যে জুলিয়াস সিজার এ ট্যাক্সের ঘোষণা দিয়েছিলেন। ১৭০২ সালে রাশিয়ায় এ ট্যাক্স চালু করেন পিটার দ্য গ্রেট এবং ১৯২৪ সালের শেষের দিকে ইতালিতেও ব্যাচেলর ট্যাক্স চালু করেন মুসোলিনি।
এছাড়া, টয়লেট ফ্ল্যাশের জন্য ট্যাক্স নেওয়া হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। পানির খরচের দিকে নজর রাখতে প্রতিটি বাড়িতে মাসিক ৫ ডলার টয়লেট ফ্ল্যাশ ট্যাক্স হিসেবে নেওয়া হয়।
অন্যদিকে, ট্যাটু করার জন্য ট্যাক্স দিতে হয় যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য আরকানসাসে। তবে এই করের পরিমাণ তুলনামূলক বেশি। এই অঙ্গরাজ্যে ট্যাটু করালে ৬ শতাংশ কর দিতে হয়। ২০০২ সাল থেকে এ নিয়ম প্রযোজ্য রয়েছে আরকানসাসে। এছাড়া, বরফ কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দাদের ট্যাক্স দিতে হয়।
আবার, পাকিস্তানের পাঞ্জাবে পোষ্য থাকলে কর দেওয়ার বিধান চালু রয়েছে। কুকুর, বিড়াল, শূকর, ভেড়া থাকলে বার্ষিক ২৫০ টাকা, আর হাতি, গরু, উট, ঘোড়া, ষাঁড় থাকলে ৫০০ টাকা বার্ষিক ট্যাক্স দিতে হয়।