জাম্বিয়ার এক টেলিভিশন চ্যানেল ‘কেবিএনে’ সংবাদ পাঠের সময় কবিন্দ কালিমিনা নামক এক উপস্থাপক লাইভ সংবাদ প্রচারের সময়ই জানান তাদের বেতন দেওয়া্ হচ্ছে না। গত শনিবার (১৯ জুন) সন্ধ্যায় শীর্ষ খবরগুলো পড়ার সময় এমন চাঞ্চল্যকর কাজ করেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো’র খবরে বলা হয়েছে, ‘শীর্ষ সংবাদগুলো পড়ার সময় ওই সংবাদ পাঠক বলেন, টেলিভিশন স্টেশনটি তাদের বেতন দিচ্ছে না।’
কবিন্দ কালিমিনা আরও বলেন,‘ভদ্র মহিলা ও পুরুষগণ আমি খবরের জন্য কাজ করি। আমরাও মানব সন্তান। আমাদেরও বেতন পাওয়া উচিত।’
এরপরই তিনি কেবিএন টিভিতে কর্মরত অন্য সহকর্মীর কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের বেতন দেওয়া হচ্ছে না।’
এ মন্তব্য করার পর তার সরাসরি সম্প্রচার লাইন স্টুডিও থেকে কেটে দেওয়া হয়।
কেবিএন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা কেনেডি কে মামবে ওই সংবাদ পাঠককে ‘মদ্যপ’ হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এতে তিনি যে মদ্যপ আচরণ দেখিয়েছেন তাতে কেবিএন টিভি এবং আমরা হতাশ হয়েছি।
তবে ফেসবুকে কালিমিনাও তার অবস্থানের পক্ষে কথা বলেছেন।
তিনি বলেন, আমি এটা করেছি সরাসরি সম্প্রচারের সময়। সাংবাদিকদের কথা বলা উচিত নয় বলে, অনেক সাংবাদিক ভয়ে কথা বলতে পারেন না। তাই আমি কথা বলেছি।