শয়তানের কাছে আত্মা বিক্রি করে দেবার গল্প আমরা শুনেছি প্রখ্যাত সাহিত্যিক ক্রিস্টোফার মার্লোর ড. ফস্টাস নাটকে। সেখানে শয়তানকে সন্তুষ্ট করার একটা ব্যাপার ছিল জ্ঞান অর্জন করার জন্য। তবে সেখানে কোন নরবলি ছিল না। কিন্তু সম্প্রতি লটারি জিততে শয়তানকে খুশি করতে দুই বোনকে হত্যা করেছে এক কিশোর।
বিভিন্ন সিনেমায় এমন ভয়ঙ্কর উদ্ভট ঘটনার দেখা পাওয়া গেলেও বাস্তবের এই ঘটনা হার মানিয়েছে সিনেমার গল্পকেও। একটি লটারি জিততে শয়তানকে সন্তুষ্ট করতে একসাথে দুই বোনকে হত্যা করে ওই কিশোর।
২০২০ সালের জুন মাসে ১৯ বছর বয়সী ড্যানিয়েল হউসেন তার দুই বোন বিবা হেনরি ও নিকোল স্মলম্যানকে হত্যা করে। ড্যানিয়েল হউসনের ভাষ্যমতে, একটি লটারি জেতার জন্য লুসিফাস রোফোকেল নামে শক্তিশালী এক শয়তানের সঙ্গে চুক্তি করেছিল সে। সেই চুক্তির শর্ত পূরণে ৬ মাসের মধ্যে ৬ জন মানুষকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার কথা ছিল।
চুক্তি অনুযায়ী প্রথম লক্ষ্য হিসাবে দুই বোন বিবা ও নিকোলকে বেছে নেয় সে। ২০২০ সালের জুন মাসে বোন বিবার জন্মদিনে বোন বিবা ও নিকোলকে লন্ডন পার্কে নিয়ে যায়। জন্মদিন উপলক্ষ্যে পার্কে একটি অনুষ্ঠানেরও আয়োজন করে সে। অন্য বন্ধুরা সেখানে আসার আগেই ড্যানিয়েল ওই দুই বোনকে হত্যা করে। তারপর শয়তানের উদ্দেশ্যে নিজের রক্ত দিয়ে হউসেন লিখে, আগামী ৬ মাসে সে আরও ৬ জনকে হত্যা করবে। তবে দুই বোনের হত্যার পর অন্য কাউকে হত্যা করার আগেই লন্ডন পুলিশ ড্যানিয়েলকে গ্রেপ্তার করে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ওই মামলার রায় দিয়েছেন আদালত। অভিযুক্ত ওই কিশোরকে দেওয়া হয়েছে ৩৫ বছরের কারাদণ্ড।
পুলিশ বলছে, ড্যানিয়েল অত্যন্ত বিপদজনক, অহংকারী এবং হিংস্র প্রকৃতির মানুষ। ড্যানিয়েল স্বীকার করেছে, হত্যার জন্য তার কোনো অনুশোচনা নেই।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পরিদর্শক মারিয়া গ্রিন বলেছেন, ‘ড্যানিয়েল দীর্ঘ ৩৫ বছর কারাগারে থাকার ফলে বিবা এবং নিকোলের স্বজনেরা কিছুটা স্বস্তি পাবে।’