সন্তানদের না দিয়ে সরকারকে কোটি টাকার সম্পত্তি দিলেন বাবা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২৩, ১১:৩৩ এএম

সন্তানদের না দিয়ে সরকারকে কোটি টাকার সম্পত্তি দিলেন বাবা

সন্তানদের প্রতি ক্ষুব্ধ হয়ে কোটি টাকার সম্পত্তি সরকারকে দান করলেন এক বৃদ্ধ। শুদু তাই নয়,নিজের মরদেহ একটি মেডিকেল কলেজে উইল করে দিয়েছেন। উইলের শর্ত- তার ছেলে ও চার মেয়ের কেউ যেন তার শেষকৃত্যে অংশ নিতে না পারে।

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা ৮৫ বছর বয়সী নাথু সিং নামে এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন।

আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,

মুজাফফরনগরের বাসিন্দা নাথু সিং যে বসতবাড়ি এবং জমি রয়েছে, তার মূল্য প্রায় ২ কোটি টাকা। তার একটি ছেলে রয়েছে যে একজন স্কুল শিক্ষক। এ ছাড়াও তার চার মেয়ে আছে, যারা সবাই বিবাহিত। স্ত্রীর মৃত্যুর পর থেকে বৃদ্ধ একাই থাকতেন। প্রায় সাত মাস আগে তিনি তার গ্রামের একটি বৃদ্ধাশ্রমে চলে আসেন।

বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার পর সন্তানরা তাঁকে দেখতে না আসায় নাথু সিংয়ের হৃদয় ভেঙ্গে যায়। আর তাই সম্পত্তি সরকারকে লিখে দিয়ে তার মৃত্যুর পরে সেখানে একটি হাসপাতাল বা একটি স্কুল তৈরি করতে বলবেন বলে সিদ্ধান্ত নেন।

নাথু সিং গণমাধ্যমকে বলেন, “ এই বৃদ্ধ বয়সে যেখানে আমি আমার সন্তান এবং পুত্রবধূর সঙ্গে থাকতে পারতাম, কিন্তু তারা কেউ আমাকে তাদের কাছে নেয়নি। তাই আমি আমার সম্পত্তি সরকারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

উইলে আরও বলা হয়েছে, তিনি গবেষণা এবং একাডেমিক কাজে ব্যবহারের জন্য তার শরীরও দান করছেন।

এমন ঘটনার পরও অবশ্য তার পরিবারের সদস্যরা এখনও এগিয়ে আসেনি।

বৃদ্ধাশ্রমের পরিচালক রেখা সিং বলেছেন, প্রায় ছয় মাস আগে বৃদ্ধ সেখানে থাকতে শুরু করেন। এরপর থেকে কেউ তাকে দেখতে যায়নি। বৃদ্ধ তার সন্তানদের প্রতি খুবই বিরক্ত ছিলেন এবং সেজন্য নিজের সম্পত্তি রাজ্য সরকারকে দিয়ে দিতে চাইতেন।

 

ওই এলাকার সাব-রেজিস্ট্রার বলেছেন, তারা নাথু সিংয়ের হলফনামা পেয়েছেন এবং তার মৃত্যুর পর এটি কার্যকর হবে।

Link copied!