সাজার বদলে আসামিদের ফুল দিলেন আদালত!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২২, ০৫:৫৩ পিএম

সাজার বদলে আসামিদের ফুল দিলেন আদালত!

যৌতুকসহ নানাবিধ কারণে নির্যাতনের শিকার হয়ে সংসার থেকে বিতাড়িত ৫০ নারী তাদের স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। ওইসব মামলা আপস-মীমাংসা সূত্রে দ্রুত নিষ্পত্তি করে ৫০টি পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করে ব্যতিক্রমী রায় দিয়েছেন আদালত। পাঁচ শর্তের ওপর ৫০ দম্পতিকে সাজার বদলে আদালতের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এর ফলে জোড়া লাগে ওইসব পরিবার।  

মঙ্গলবার দুপুর ১২টায় ব্যতিক্রমী এ রায় দিলেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।

আদালতের শর্তগুলোর মধ্যে রয়েছে- স্বামী-স্ত্রী সন্তানাদি নিয়ে পরিবারের সব সদস্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার ও ধর্ম পালন, সংসারে শান্তি নষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকা, স্ত্রীর কাছে যৌতুক দাবি না করা, পরিবারের যে কোনো সমস্যা আলোচনা করে সমাধান করা ও স্ত্রীকে কখনো নির্যাতন না করা।

আদালত সূত্র জানায়, বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের সন্তানদের এবং তাদের মঙ্গলের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সম্প্রীতির বন্ধন এঁটে ৫০টি যুগলকে তাদের পারিবারিক মহামিলনের ব্যবস্থা করে তাদের মামলা নিষ্পত্তি করে দেন। নির্যাতনের শিকার ওইসব নারী স্বামীগৃহ থেকে বিতাড়িত হয়ে সন্তানাদি নিয়ে অর্ধাহারে অনাহারে অন্যত্র আশ্রয় নিয়ে অনিশ্চিত এক জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। অন্ধকার জীবন থেকে স্ত্রীকে স্বামীর এবং সন্তানদের তাদের বাবার পারিবারিক বলয়ে আবদ্ধ করার উদ্দেশ্যেই এমন রায় দেন বিচারক।

এর আগেও সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ ধরণের অনেক মামলা আপস নিষ্পত্তি করে দিয়ে সংসারে জোড়া লাগিয়েছেন।

Link copied!