সোনায় মোড়ানো লাখ টাকার আইসক্রিম এখন ঢাকায়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ০৫:১৮ পিএম

সোনায় মোড়ানো লাখ টাকার আইসক্রিম এখন ঢাকায়

বর্ষপূর্তিতে দুর্দান্ত একটি আইসক্রিম প্যাকেজ এনেছে হোটেল সারিনা। যেনতেন আইসক্রিম নয়, ২৪ ক্যারেটের খাবারযোগ্য সোনায় মোড়ানো আইসক্রিম। দামেও কম যায় না। গুণতে হবে ৯৯,৯৯৯ টাকা।

গতকাল তাদের ফেসবুক পেজে এই আইসক্রিম নিয়ে পোস্ট করা হয়। মুহূর্তেই ভাইরাল সেই পোস্ট।

এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এটিই ঢাকা শহরের সবচেয়ে দামি আইসক্রিম। আইসক্রিমের এই প্যাকেজ কিনলে হোটেল স্যারিনার লাক্সারিয়াস ইম্পেরিয়াল সুইটে এক রাত থাকা যাবে বিনা মূল্যে। এমনিতে এখানে এক রাত থাকতে আপনার খরচ হবে ৪০ হাজার টাকা। আইসক্রিমের প্যাকেজের সঙ্গে আরও আছে সকালের নাশতা।

সাধারণত দুই ধরনের গোল্ড বাজারে পাওয়া যায়। একটি ব্যবহারযোগ্য, অপরটি খাবারযোগ্য। খাবারযোগ্য গোল্ড দুবাইসহ বিশ্বের ধনী শহরগুলোতে বেশ জনপ্রিয়। আমরা আইসক্রিমে এই খাবারযোগ্য গোল্ডই ব্যবহার করছি। এটি দুবাইয়ের ২৪ ক্যারেটের খাটি গোল্ড দিয়ে বানানো হয়েছে।

আপনি হয়তো ভাবছেন, কে খাবে লাখ টাকার আইসক্রিম? বাস্তবতা কিন্তু ভিন্ন। মাত্র ২৪ ঘণ্টায় অভাবনীয় সাড়া পেয়েছে হোটেল কর্তৃপক্ষ। বলা হয়েছিল, লাখ টাকার এই আইসক্রিমটি চেখে দেখতে হলে আপনাকে আগে থেকে হোটেলে বুকিং দিতে হবে। কেননা, এই হোটেলে বিলাসবহুল ইম্পেরিয়াল সুইটের সংখ্যা মাত্র ১। আর ইতিমধ্যে অসংখ্য ফরমাশ এসেছে এই হোটেল কর্তৃপক্ষের কাছে। তাই এই তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আপাতত লাখ টাকার সোনার আইসক্রিমের ফরমাশ না করার জন্য। কেননা তারা আর অর্ডার নিতে পারছে না।

Link copied!