অনলাইনে কেনাবেচার মতো এবার নিজের স্বামীকে বেচে দেওয়ার উদ্দেশ্যে নিলামে তুলেছেন এক নারী। গরমের ছুটিতে বাড়িতে দুই সন্তানের সঙ্গে স্ত্রীকে রেখে মাছ ধরতে যাওয়ায় রেগে এমন প্রতিশোধ নেওয়ার ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট ও আইরিশ মিররের খবরে বলা হয়, ট্রেড মি নামের একটি ওয়েবসাইটে স্বামী জন ম্যাকঅ্যালিস্টারকে নিলামে তোলেন লিন্ডা ম্যাকঅ্যালিস্টার নামে ওই নারী। স্বামীর বর্ণনায় লিখেছেন, ৩৭ বছর বয়সী গরুর খামারি।

লিন্ডা এবং জন ২০১৯ সালে বিয়ে করেছিলেন। স্বামীর বিষয়ে লিন্ডা আরও লেখেন, “জনের আগেও অনেক মালিক ছিল। তবে ঠিকমতো দানাপানি পেলে বর্তমান মালিকের অনুগত থাকবেন তিনি।”
জনের বর্ণনায় লিন্ডা লিখেন, “জনের ঘরের কাজের এখনো কিছু প্রশিক্ষণ দরকার আছে। তবে আমার কাছে এই মুহূর্তে সময় বা ধৈর্য নেই।” এ ছাড়া জনকে কেনার পর ফেরত দেওয়া কিংবা বিনিময় করা যাবে না বলেও জানিয়েছেন তিনি।

এ দিকে বন্ধুদের কাছ থেকে ওই নিলামের ব্যাপারে শুনে পুরো ব্যাপারটাকে হেসেই উড়িয়ে দিয়েছেন জন।
তবে জন হেসে উড়িয়ে দিলেও ক্রেতারা কিন্তু বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। জনকে ‘কেনার’ জন্য দামও হেঁকেছেন অনেকে। ১২ জন নারী এ নিলামে দর হাঁকেন। সর্বোচ্চ দাম উঠে নিউজিল্যান্ডের মুদ্রায় ১০০ টাকা। পরে অবশ্য ট্রেড মি কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।