সৌদি আরবে পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটেই মক্কা পৌঁছলেন ব্রিটেনের এক বাসিন্দা। ইরাকি-কুর্দি বংশোদ্ভূত আদম মোহাম্মদ নামে ব্রিটেনের এই বাসিন্দা হজ পালনের উদ্দেশ্যে ব্রিটেনের উলভারহ্যাম্পটন থেকে যাত্রা শুরু করে দশটি দেশ পাড়ি দিয়ে সাড়ে ছয় হাজার কিলোমিটার হেঁটে মক্কায় পৌঁছান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ৫২ বছরের আদম মোহাম্মদ শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দিতেই পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর এই দীর্ঘ যাত্রায় নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলজেরিয়া, তুর্কি, লেবানন, জর্ডানসহ মোট নয়টি দেশ পেরিয়ে তিনি অবশেষে সৌদি আরবে পৌঁছান।

টানা ১০ মাস ২৫ দিন হাঁটার পর মক্কায় পৌঁছেছেন আদম মোহাম্মদ। ২০২১ সালের ১ অগস্ট ব্রিটেন থেকে তিনি পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। গত জুন মাসে তিনি গন্তব্যস্থলে পৌঁছান।
মক্কার মিনায় পৌঁছনোর পর সৌদি আরবের মন্ত্রিপরিষদের সদস্য মাজিদ বিন আবদুল্লাহ তাঁকে স্বাগত জানান এবং হজ অনুমতির প্রক্রিয়ার ব্যাপারে সাহায্যও করেন।

আদম জানিয়েছেন, প্রতি দিন গড়ে তিনি ১৭ দশমিক ৮ কিলোমিটার পথ হেঁটে পার করতেন। তবে, রাস্তায় যাতে কোনও অসুবিধায় না পড়তে হয়, তার জন্য একটি ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন অ্যাডাম। এই ঠেলাগাড়িটি বাড়িতেই তৈরি করেছিলেন তিনি। এর মধ্যে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও একটি স্পিকার লাগানো ছিল। স্পিকারে চলছিল ধর্মীয় পাঠ। আদমের মতে, এর মাধ্যমে শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তিনি।

শুধু তা-ই নয়, তিনি ‘গোফান্ডমি’ নামে একটি পেজও বানিয়েছিলেন। তিনি বলেন, “আমি শুধু খ্যাতি বা অর্থের জন্য এ সব করছি না, বরং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাইছি যে মানুষ হিসাবে আমরা সবাই জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমান। ইসলাম ধর্ম এই শান্তি ও ঐক্যের বার্তাই দেয়।’’

নিজের আত্মা অন্বেষণের উদ্দেশ্যে এই যাত্রার সিদ্ধান্ত নেন অ্যাডাম। যাত্রাপথে মানুষ তাঁকে যে ভালবাসা দিয়েছে তাতে তিনি অভিভূত। তিনি সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম ও সামাজিক নেটওয়ার্ক টিকটকের মাধ্যমেও তাঁর হজ যাত্রা সম্প্রচার করেছেন। এরই মধ্যে পাঁচ লাখ ফলোয়ারও তৈরি হয়েছে আদম মোহাম্মদের।