হ্রদের পানি সরতেই জেগে উঠল ৭০ বছর আগের গ্রাম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৯, ২০২১, ০৬:৩২ পিএম

হ্রদের পানি  সরতেই জেগে উঠল ৭০ বছর আগের গ্রাম

জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সময় বন্যার পানিতে পুরো তলিয়ে গিয়েছিল একটি গ্রাম। তবে হ্রদের পানি সরে যাওয়ায় অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের সীমানার কাছে ইতালির দক্ষিণ টাইরলে অবস্থিত ‘কিউরন’ নামে ওই গ্রামটি দীর্ঘ ৭০ বছর পর আবার জেগে উঠেছে। এ ঘটনায় দক্ষিণ টাইরোলসহ পুরো ইতালিতে রীতিমত শোরগোল পড়ে গেছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, রেসচেন পাসের কাছেই লেক রেসিয়ার অবস্থান। এই লেক থেকে  পানি সরানোর  সময় হ্রদের নীচে ডুবে থাকা গ্রামটি স্থানীয় জনগণের  চোখে  পড়ে। আর এই গ্রামের বিখ্যাত গির্জার স্পায়ার দেখতে পেয়েই তারা বুঝতে পারে এটি তাদের হারিয়ে যাওয়া প্রিয় কিউরন গ্রাম।

১৯৫০ সালের ঘটনা। স্থানীয় জনগণের অনুরোধ উপেক্ষা করে সরকারের একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সময় পাশাপাশি দুটি হ্রদকে একসাথে জুড়ে দেওয়ার ফলে বন্যার পানিতে ওই গ্রামটি তলিয়ে যায়।

জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সময় গ্রামটিতে কয়েক শত পরিবারের বসবাস ছিল। কাজ শুরু হলে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য প্রকল্পের পাশেই  তৈরি ১৬০ টি ঘরে অনেকে আশ্রয় নেয়। অন্যরা ওই গ্রাম ছেড়ে চলে যায়। ওই সময় থেকে দুই হৃদের পানিতে পুরোপুরি ডুবে যায় গ্রামটি। আর ৭০ বছর ধরে এটি সবার অগোচরে ছিল।

৭০ বছর আগের ওই গ্রামের সন্ধান পাওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপাক শোরগোল পড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি  ছড়িয়ে পড়েছে। ইতালিসহ অনেক দেশের নাগরিক ওই গ্রামটির ছবিও শেয়ার করেছেন।

Link copied!