এপ্রিল ১৫, ২০২৩, ০৩:৪৬ পিএম
বিট্রিজ ফ্লামিনি নামের এক অ্যাথলেট ৫০০ দিন গুহায় কাটিয়ে বেরিয়ে এসেছেন। ধারণা করা হচ্ছে এটি বিশ্ব রেকর্ড হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সে এ তথ্য উঠে এসেছে।
গুহা থেকে বেরিয়ে আসার পর বিট্রিজ ফ্লামিনি বলেন, ‘আমি ২০২১ সালের ২১ নভেম্বর থেকে গুহায় আটকে রয়েছি। আমি বিশ্বের কোন কিছুই জানিনা।'
গুহাবাসী ফ্লামিনিকে সহায়তাকারী দল বলেছে, তিনি যখন গুহায় প্রবেশ করেছেন, তখন তাঁর বয়স ছিল ৪৮। গুহার ভেতরেই দুটি জন্মদিন উদ্যাপন করেছেন তিনি।
রয়টার্স বলছে, ২০২১ সালের ২০ নভেম্বর গুহায় প্রবেশ করেছিলেন ফ্লামিনি। তখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়নি। এরপর গতকাল শুক্রবার তিনি গুহা থেকে আনুষ্ঠানিকভাবে বের হন। তাঁকে স্বাগত জানায় তাঁর সহায়তাকারী দল।
ফ্লামিনির বয়স এখন ৫০, তিনি ৪৮ বছর বয়সে গুহায় প্রবেশ করেছিলেন। তিনি তার সময় কাটিয়েছেন ৭০ মিটার গভীর একটি গুহায়। তিনি সেখানে ব্যায়াম করতেন, উল টুপি বুনে সময় কাটাতেন। তিনি ৬০ টি বই এবং এক হাজার লিটার পানি নিয়ে প্রবেশ করেন।
সহায়তাকারী দল তাঁকে অ্যাভোকাডোস, ডিমসহ নানা ধরনের খাবার পাঠাত বলে জানিয়েছেন ফ্লামিনি। তিনি বলেন, ‘আমি আমার সহায়তাকারী দলকে বলেছিলাম, তারা যেন নিজে থেকে আমার সঙ্গে যোগাযোগ না করে। এমনকি আমার পরিবারের লোকজন কিংবা আত্মীয়স্বজন মারা গেলেও যেন যোগাযোগ না করে।’
তবে তাকে সবসময় একদল মনোবিজ্ঞানী, গবেষক, স্পিলিওলজিস্ট-গুহা বিশেষজ্ঞদের দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল। যদিও তারা কেউই তার সঙ্গে যোগাযোগ করেননি।