ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ভারতের কাছ থেকে বিষ কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রাদেশিক সরকার। এজন্য প্রাদেশিক প্রশাসন প্রায় পাঁচ হাজার লিটার বা ১ হাজার ৩২০ গ্যালন বিষ কেনার অর্ডার পাঠিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিনে অস্ট্রেলিয়ার টটেনহ্যাম, নিউ সাউথ ওয়েলস প্রদেশসহ একাধিক অঞ্চলের বেশ কিছু ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, এসব এলাকার জনগণ মেঠো ইঁদুর থেকে ধেড়ে ইঁদুরের তাণ্ডবে অতিষ্ঠ।
ভাইরাল হয়ে যাওয়া ছবিতে আরও দেখা যায় ফসলের ক্ষেত থেকে বাড়ি, গ্যারেজ, ধানের গোলা থেকে অফিস ঘর সর্বত্রই ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। গোলার ফসল, মাঠের ধান নষ্ট করার সঙ্গে সঙ্গে ইঁদুরের দল কেটে ফেলছে জিনিসপত্র, কারেন্টের তার। বলতে গেলে ইঁদুরের অত্যাচারে ত্রাহি ত্রাহি অবস্থা এসব এলাকার জনগণের।
শুধু তাই নয়, মহামারি করোনাভাইরাসের চলমান দ্বিতীয় ঢেউয়ে ইঁদুরের কারণে সংক্রমণও ছড়াচ্ছে। করোনা মহামারীর মাঝে আবারও প্লেগ মহামারীর আশঙ্কায় ইঁদুর নিধনে তাই ভারতের দ্বারস্থ হয়েছে অস্ট্রেলিয়া।
নিষিদ্ধ ব্রোমেডিওলোন (Bromediolone) আমদানি করতে ভারতকে বার্তা দিয়েছে নিউ সাউথ ওয়েলস প্রশাসন। করোনার মধ্যেই প্লেগের সংক্রমণে আতঙ্কে অস্ট্রেলিয়াবাসী। ইঁদুর তাড়াতে নিউ সাউথ ওয়েলস প্রশাসন অনেক উদ্যোগ নিলেও তাতে সফলতার হার শূন্যের কোটায়। তাই বাধ্য হয়ে দিল্লির কাছ থেকে র্যাট কিলার আমদানির পরিকল্পনা নিয়েছে ক্যানবেরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস