এক টিয়ার সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার!

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২১, ০১:৪৪ পিএম

এক টিয়ার সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার!

রাজধানীর গুলশান ছেয়ে গেছে একটি পোষা টিয়ার নিখোঁজ-বার্তায়। চারিদিকে পোস্টার লাগানো হয়েছে, তাতে লেখা, ‘পাখি হারানো বিজ্ঞপ্তি, সন্ধানদাতার পুরস্কার ৫০,০০০’। এর পরে লেখা আছে, ‘কিউই (টিয়া) পাখিটি নিজের নাম বলতে পারে।’

জানা গেছে, পাখিটির মালিক ফাইজা ইব্রাহিম গুলশন-১ এলাকার বাসিন্দা। তার পাখির নাম কিউই। তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না গত ৩ অক্টোবর থেকে।

টিয়ার মালিক ফাইজা জানিয়েছেন, পাখিটি সারাদিন বাড়িতে ছাড়াই থাকত। সকলের সঙ্গে সে ঘুরে বেড়াত। রাতে তাকে রেখে দেওয়া হত খাঁচায়। এই পাখিটি আসলে সান কন্যুর প্রজাতির পাখি। দক্ষিণ আমেরিকা থেকে আনা। বড় সাধের পোষ্যকে হারিয়ে তাই ভেঙে পড়েছেন ফাইজা।

তবে পাখিটির বাজারমূল্য অনেক। একটি পূর্ণবয়সের একজোড়া প্রজননক্ষমতা সম্পন্ন এই প্রজাতির পাখির দাম ৫০ হাজার টাকা। একটি পাখির দাম কম করে ২০ হাজার আর নবজাতকের দাম ১২ হাজার টাকা।

যদিও এর আগেও ফাইজার কাছ থেকে এই পাখি হারিয়েছিল। এই নিয়ে তিন বার হারিয়ে গেল পাখিটি। ফাইজা জানিয়েছেন, এর আগেও পাখি খুঁজে পেতে পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন। প্রতিবারই তাই করেন। তিনি মনে করেন, কেউ কষ্ট করে পাখি খুঁজে দেবেন, তাকে পুরস্কার দেওয়া উচিত।

Link copied!