কাঠ পাচারে চোরাকারবারিরা ব্যবহার করছিল গাধাগুলোকে। পুলিশ আসার খবর পেয়ে কাঠবোঝাই গাধাগুলো ফেলে পালিয়ে গেল তারা। অগত্যা আটক করা হলো গাধাগুলোকেই। পুলিশি হাজতে রাখার পর কাঠ পাচারের মামলায় আদালতে তোলা হলো তাদের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল জেলায় ঘটলো এ অদ্ভুত ঘটনা।
গত মঙ্গলবার রাতে বন কর্মকর্তা ও জেলা প্রশাসন সহকারী কমিশনারের নির্দেশে চোরাকারবারিদের ধরতে দারোশগোলে পৌঁছায় প্রশাসনের লোকেরা। সন্দেহভাজনরা এ সময় গাধাগুলো রেখে পালিয়ে যায়।
দারোশের সহকারী কমিশনার তৌসিফুল্লাহর নির্দেশে কাঠবোঝাই গাধাগুলোকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকার পর্ব শেষে গাধাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে দেয়া হয়। পরবর্তীতে দেশটির বন বিভাগকে গাধাগুলোকে আদালতে হাজির করতে নির্দেশ দেন এই সহকারী কমিশনার। অভিযোগ, এসব গাধা চিত্রলের দারোশ অঞ্চলে কাঠ পাচারের সাথে জড়িত।
সহকারী কমিশনার জানিয়েছেন, গাধাগুলো এখন নিরাপদে আছে এবং অন্য কাউকে দেয়া হয়নি। তাদের আর পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে না।
সূত্র: রিপাবলিক ডট কম