অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে গেছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ট্রেন এগিয়ে আসছে। যেকোনা মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আর এতে প্রাণ যেতে পারে ট্রেনের যাত্রীদের। এমন সময় রেললাইন বেঁকে যাওয়ার দৃশ্যটি চোখে পড়ে এক যুবকের। কালবিলম্ব না করে তিনি বাড়িতে যেয়ে চাচীর একটি লাল শাড়ি এনে রেললাইনে টানিয়ে দেন। আর এই লাল কাপড় দেখে ধেয়ে আসা ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ড্রাইভার ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।
গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ এলাকায় ৩৯ নম্বর রেল সেতুর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, অতিরিক্ত গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে যায়। বিষয়টি রবিবার দুপুর দেড়টার দিকে প্রথমে চোখে পড়ে শিপন নামে স্থানীয় এক যুবকের। পরে সে দ্রুত ঘর থেকে চাচির পরোনের একটি লাল কাপড় টানিয়ে দেন রেল লাইনের ওপর। এটি দেখে দুর্ঘটনার আঁচ টের পেয়ে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলওয়ের কর্মীরা।
পরে রেলওয়ের কর্মীরা রেললাইনে পানি ঢেলে ঠাণ্ডা করে মেরামতের কাজ শুরু করে। এ কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার সাকির জাহান গণমাধ্যমকে জানান, অতিরিক্ত গরমের জন্য রেললাইন বাঁকা হয়ে গিয়েছিল। এ সময় পিছনে ঢাকা গামী চট্টলা ট্রেন আটকে পড়েছিল। পরে আমরা ডাউন লাইনে চট্টলা ট্রেনটি পার করে দিয়েছি। এখন ট্রেনচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।“