জানুয়ারি ১৭, ২০২৩, ০৯:৫৬ এএম
একদিন বড় টি-ক্যাফের মালকিন হবেন তিনি৷ রাস্তার পাশে চাকা লাগানো গাড়িতে চা বানাতে বানাতে সেই স্বপ্নই দেখেন শর্মিষ্ঠা ঘোষ৷
শর্মিষ্ঠার পেছনের গল্পটা কিন্তু অন্যরকম। যা শুনলে পাঠক ভড়কে যাবে বৈকি। এই চায়ের দোকান দিবেন বলেই ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়েছেন শর্মিষ্ঠা। এখন তিনি দিল্লি ক্যান্টস গোপিনাথ বাজারে চা বিক্রি করছেন ছোট্ট একটি অস্থায়ী দোকানে।
নিজেই কিছু করবেন বলে চাকরি ছেড়ে দেন৷ তাঁর কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খন্না৷ শর্মিষ্ঠার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি কৌতূহলী হয়ে তাঁকে এরকম কাজ করার কারণ জিজ্ঞাসা করলাম৷ তিনি জানান তাঁর একদিন বড় সংস্থার কর্ণধার হওয়ার ইচ্ছে আছে৷’
শর্মিষ্ঠার বান্ধবী ভাবনা রাও জার্মান বিমান সংস্থা লুফথানসায় চাকরি করেন। তিনিও এই চায়ের দোকান পরিচালনায় যুক্ত হয়েছেন। শর্মিষ্ঠার পরিবারও সন্ধ্যায় এ কাজে তাঁকে সহযোগিতা করে। কিছু সময় কাজ করার পর ফিরে যান।
পোস্টে সঞ্জয় লেখেন, ‘আমি অনুমতি নিয়েই এই পোস্ট লিখছি এবং তাঁর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করছি। আমি মনে করি, নিচু ও ছোট কাজ বলে কিছু নেই। অন্যদের উৎসাহ দিতে এ ধরনের মানুষকে সামনে আনা উচিত।’
উচ্চশিক্ষিত যুবক যুবতী যাঁরা চাকরি চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, তাঁদের কাছে শর্মিষ্ঠা আদর্শ হয়ে উঠতে পারেন বলে মত প্রাক্তন সেনা অফিসার সঞ্জয়ের৷ তিনি মনে করেন ছোট বড় বলে কাজের কিছু হয় না৷ উচ্চশিক্ষিত হয়ে এই ধরনের কাজ করা যাবে না, এমন ধারণারও বিরোধী তিনি৷