দোকানে চুরি: আটকা পড়ে গণপিটুনির ভয়ে ৯৯৯-এ ফোন করলো চোর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২২, ০৩:৪৮ পিএম

দোকানে চুরি: আটকা পড়ে গণপিটুনির ভয়ে ৯৯৯-এ ফোন করলো চোর

বরিশালে চুরি করতে গিয়ে একটি দোকানে অবরুদ্ধ হয়ে পড়েন এক চোর। এসময় নিজেকে উদ্ধার করতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান তিনি। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার সংলগ্ন এলাকায়।

বুধবার বিকেলে ওই ব্যক্তিকে চুরি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটক মো. ইয়াছিন খাঁ (৪১) ঝালকাঠির নলছিটি উপজেলার ছিলারিশ গ্রামের বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

স্থানীয়রা জানান, উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান বাজারের ঝন্টু হাওলাদারের মুদি দোকানের ভেতর থেকে বন্দর থানা পুলিশ এক ব্যক্তিকে উদ্ধার করে। এ সময় স্থানীয় কেউ কিছু বুঝে উঠতে পারছিল না।

পুলিশ জানায়, মো. ইয়াছিন খাঁ একজন চোর। দীর্ঘদিন ধরে এ কাজ করছেন তিনি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও অভিযোগ রয়েছে। চুরি করাকেই তিনি পেশা বানিয়েছেন। ওই টাকায় তার সংসার চলে।

বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আটক মো. ইয়াছিন খাঁ সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জানান, তিনি খুব বিপদে পড়ছেন। তাকে যেন দ্রুত পুলিশ এসে উদ্ধার করে। এসময় তাকে কনফারেন্সে রেখে ৯৯৯ থেকে বন্দর থানার (সাহেবেরহাট) ডিউটি কর্মকর্তাকে জানানো হয়- সম্মানিত একজন সিটিজেন বিপদে পড়েছেন। তাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেন। এসময় কনফারেন্সে থাকা ইয়াছিন খাঁ তাকে কোথা থেকে উদ্ধার করার প্রয়োজন সেই ঠিকানা জানান। কিন্তু চুরি করতে গিয়ে আটকে পড়েছেন, এ বিষয়ে ৯৯৯ বা ডিউটি কর্মকর্তাকে কিছুই বলেননি ইয়াছিন খাঁ।

Link copied!