ঘুমের সময়ে চোখ বুজে নয়, চোখ খুলে ঘুমোন স্বামী।এমনই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক তরুণী। ওই মার্কিন তরুণীর দাবি, তার স্বামী ঘুমিয়ে রয়েছেন না জেগে আছেন, তা বোঝার কার্যত কোনও উপায় নেই। কখনও জেগে থাকলেও ধরা যায় না, কখনও আবার কথা বলতে গিয়ে বুঝতে পারেন স্বামী আদৌ জেগে নেই, অঘোরে ঘুমিয়ে রয়েছেন তিনি।

পেটন ভিডমার নামে ওই তরুণীর দাবি, তাঁর স্বামী কোলটনই চোখ খুলে ঘুমোন। সম্প্রতি পেটন একটি ভিডিয়ো করেন। সেখানেই নিজের ঘুমন্ত স্বামীর মুখ দেখান তিনি। সেই ভিডিয়োতেই তিনি জানান, এ ভাবেই চোখ খুলে ঘুমোন তাঁর স্বামী। ভিডিয়োতে দেখা যায়, কিছু ক্ষণ পর স্বামীকে নাম ধরে ডাকেন পেটন। তার পর জেগে ওঠেন তিনি। প্রথমে স্বামী কিছুই বুঝতে পারছিলেন না। পরে পেটন তাঁকে ঘুম থেকে ডেকে তোলার কারণ জানান। এত দিন একসঙ্গে থাকার পরেও স্বামীর চোখ খুলে ঘুমোনো দেখে আতঙ্ক তৈরি হয় তাঁর মনে, জানিয়েছেন পেটন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভিডিয়োটি ইতিমধ্যেই আড়াই কোটি মানুষ দেখেছেন সমাজমাধ্যমে। বিজ্ঞান অবশ্য বলছে, এই বিষয়টি খুব একটা বিরল নয়। আমেরিকার স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতি ২০ জন মানুষের মধ্যে এক জন কমবেশি চোখ খুলেই ঘুমোন। কিন্তু ঘুমের মধ্যে তা নিজেরা বুঝতে পারেন না। চোখের পলকের সমস্যা ও মুখের বিভিন্ন স্নায়ুর সমস্যা থাকলে এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে সেখানে।