জীবিতকে মৃত ভেবে রাখা হলো লাশকাটা ঘরে, অতপর….

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২২, ০৩:৪৭ পিএম

জীবিতকে মৃত ভেবে রাখা হলো লাশকাটা ঘরে, অতপর….

মৃত্যু হয়নি। তবুও ডাক্তারের পরিবর্তে নার্স এসে জীবিত এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে লাশ কাটা ঘরে পাঠিয়ে দেয়। পরে ওই লাশ কাটা ঘরে নিজের জ্ঞান ফিরলে তিনি নিজেকে পড়ে থাকতে দেখে আতঙ্কে মৃত্যুবরণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারে এমনই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী পশ্চিম অস্ট্রেলিয়ার রকিংহাম হাসপাতালে এই অন্যরকম ঘটনা ঘটে। রোগীর নাম কেভিন রিড। ৫৫ বছর বয়সী  কেভিনকে হাসপাতালের পেলিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। নার্স এসে তাঁকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। সাধারণত কোনও ব্যক্তিকে মৃত ঘোষণা করে থাকেন চিকিৎসকরা। কিন্ত এ ক্ষেত্রে সেই ভূমিকা নিয়েছিলেন এক নার্স। আর তাতেই বিপত্তি ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, রিডকে মৃত ঘোষণা করার পর লাশকাটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। পর দিন যখন চিকিৎসক ফের পরীক্ষা করেন তখন তিনি দাবি করেন যে, এই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হলেও, সেই সময় তাঁর মৃত্যু হয়নি। চিকিৎসক আরও দাবি করেন, লাশকাটা ঘরেই আতঙ্কে মৃত্যু হয়েছে রিডের। চিকিৎসকের এই দাবি ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে।

তা হলে কি সত্যিই রিড জীবিত ছিলেন? কেন ঠিক মতো পরীক্ষা করা হল না। কেনই বা চিকিৎসকের বদলে কোনও নার্স রিডকে মৃত বলে ঘোষণা করলেন? হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে রিডের পরিবার। 

তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ রিডের মৃত্যুর যে শংসাপত্র দিয়েছেন, সেখানেও তারিখ ভুল রয়েছে। ওই শংসাপত্রে রিডের মৃত্যুর তারিখ দেওয়া হয়েছে ৫ সেপ্টেম্বর। কিন্তু পরিবারের দাবি, ওই দিন তারা হাসপাতালে রিডের সঙ্গেই ছিল।

তবে  পরিবারের সব অভিযোগ  উড়িয়ে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তখনই রিডের মৃত্যু হয়েছিল। আর তা পরীক্ষা করার পরই নার্স ওই রোগীকে মৃত বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, রিডের বেঁচে থাকার কোনও লক্ষণই ছিল না বলে পাল্টা দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Link copied!