দেশের ৫৭টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয় ভোটগ্রহণ। জেলা পরিষদ নির্বাচনের ফলাফলও বেসিরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয় জেলা পরিষদের নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় সাধারণ সদস্যপ্রার্থী পদে একজন প্রার্থী একটি ভোটও পাননি। অপর দুইজন প্রার্থী একটি করে ভোট পেয়েছেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে প্রথমবারের মতো অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী নুরুল ইসলাম শূন্য ভোট পেয়েছেন। তিনি টিউবওয়েল প্রতীকে ঠাকুরগাঁও-৩ (ওয়ার্ড) পীরগঞ্জ উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আমির হোসেন ও মশিউর রহমান নামে অন্য দুই প্রার্থী প্রত্যেকে পেয়েছেন একটি করে ভোট।
একটি ভোটও না পাওয়ার বিষয়ে জানতে প্রার্থী নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন ১৯ জন। মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী ছিলেন ৯ জন। নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার ছিলেন ১৪৫ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। এতে ৭৮টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন হাতি প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান।