যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়ারেন কাউন্টিতে ‘অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী’ একটি পাখির সন্ধান পাওয়া গেছে। মিশ্র লিঙ্গের এ পাখির নাম নর্দার্ন কার্ডিনাল। পাখিটি দেখতে কিছুটা পুরুষ পাখির মতো ও কিছুটা নারী পাখির মতো। আর তাই বলা হচ্ছে, পাখির জগতেও রয়েছে ‘থার্ড জেন্ডার’। বিরল প্রজাতির এ পাখি সংগ্রহ করে রাখা হয়েছে ওয়াশিংটন বার্ড ওয়াচ ব্যাংকে।
পাখি বিজ্ঞানী জেমি হিল এ পাখি সম্পর্কে জানান, পুরুষ কার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয় এবং নারী কার্ডিনালগুলো হয় ফ্যাকাসে বাদামি রঙের। পেনসিলভানিয়ার পাওয়া পাখিটির গায়ের রং মিশ্র। ধারণা করা হচ্ছে, এটি দুটি লিঙ্গের মিশ্রণ হতে পারে। পাখিটির বাইলেটারাল গাইনানড্রোমর্ফিজম থাকতে পারে। যার কারণে একটি পাখির কার্যকরী ডিম্বাশয় এবং কার্যকরী একক শুক্রাশয় দুটোই থাকে বলে পাখিবিদ জেমি হিল মন্তব্য করেছেন।
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পাখি গবেষক ও অধ্যাপক ব্রায়ান পিয়ার বলেন, উত্তর আমেরিকায় নর্দার্ন কার্ডিনালগুলো খুব সাধারণ ফিডার পাখি। মানুষের উঠোনে রাখা পাখিদের খাবারের ঘর বা বার্ড ফিডারে এদের দেখা যায়। কিন্তু পেনসিলভানিয়ার পাখি অন্যরকম। তাদের দেখলেই বোঝা যায় মিশ্র লিঙ্গের
জেমি হিল বলেন, কোষ বিভাজনের সময় ত্রুটির কারণেই একটি পাখির বাইলেটারাল গাইনানড্রোমর্ফ হতে পারে। একটি ডিম এবং এর সঙ্গে সম্পর্কিত অঙ্গ আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। এ প্রক্রিয়ায় জন্ম নেওয়া পাখি নারী ও পুরুষের দ্বৈত বৈশিষ্ট্যসম্পন্ন হয়।
ব্রায়ান পিয়ার বলেন, ধারণা করা হচ্ছে পাখিদের জগতে সাধারণত এ প্রজাতি থার্ড জেন্ডার। তাদের বংশ বিস্তারের সম্ভাবনা নেই। এ প্রজাতির পাখি কোষের মিশ্রণে হয় বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি