অক্টোবর ১৮, ২০২২, ১১:৪৭ এএম
ছোট্ট শিশুর কাছে চকলেট অনেক বেশিই প্রিয় খাবার। তার এই প্রিয় জিনিসটি যদি কেউ নিয়ে যায় তাহলে কি পরিস্থিতি তৈরি হয় বলুন তো! আর যা ই ঘটুক না কেন, নিশ্চয়ই থানা-হাজতের কথা মাথায়ও আসবে না কারও! কিন্তু সেই অভাবনীয় কাণ্ডটিই ঘটিয়েছে ভারতের এক খুদে বাচ্চা। তার চকলেট মা চুরি করে নিয়েছেন এমন ‘গুরুতর’ অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগ লিখছে ছোট্ট শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা।
মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে অবশ্য সে থানায় একা আসেনি। সাক্ষী হিসেবে সঙ্গে নিয়ে এসেছে বাবাকেও।
সংবাদমাধ্যমের কাছে শিশুর বাবা জানান ঘটনার বিস্তারিত। চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় টাল-বাহানা করছিল ছেলে। সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। চকলেট চুরির ঘটনা ঘটেনি।
সবার এখন প্রশ্ন তবে কি শিশুটির মিছে অভিযোগ করছে? ছেলের চকলেট চুরি করেননি মা? প্রশ্নগুলোর উত্তর অবশ্য পাওয়া গেল না তবুও এই ছোট্ট শিশুটির কাণ্ডকীর্তি সবাইকে করেছে অবাক।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, থানায় এক নারী পুলিশ কর্মকর্তাকে বেশ যত্ন নিয়েই শিশুটিকে সাহায্য করছে। শিশুটির থেকে তার অভিযোগপত্র লিখে নিয়েছেন। তারপর তাকে বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি দেখে এত অল্প বয়সী শিশুর এমন সাহস ও ভয়হীন কাণ্ড সবার মুখে এনে দিয়েছে নির্মল হাসি।