জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে অন্য রকম এক শিল্পকর্মের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার প্রকাশ ঘটেছে। চট্রগ্রামের সাজ্জাদ হোসাইন সাঈদ নামের এক যুবক এক টাকার ১০ হাজার ধাতব মুদ্রা তৈরি করেছেন বঙ্গবন্ধুর চিত্রপট।
সাজ্জাদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ধাতব মুদ্রা দিয়ে বঙ্গবন্ধুর চিত্রপট বানাতে প্রায় দুই বছর সময় লেগেছে।”
বঙ্গবন্ধুপ্রেমিক এই যুবক আরও বলেন, “ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই ইতিহাস জানার পর থেকেই বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা চলে আসে। আর এই ভালবাসার বহিঃপ্রকাশে আমি বঙ্গবন্ধুর চিত্রপট নির্মাণ করি।"
ধাতব মুদ্রা দিয়ে বানানো বিশ্বের সবচেয়ে বড় চিত্রপট বলে দাবি করেন সাজ্জাদ। এর স্বীকৃতি পেতে শিগগিরই দ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলেও তিনি জানান।