জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সেই ঘড়িটি বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক নিলামে হুবার টাইমপিসের ওই ঘড়িটি ঘড়িটি ১১ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি। ঘড়িতে নাৎসি নেতার নামের আদ্যাক্ষর এএইচ খোদাই করা আছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ঘড়িটি সম্ভবত ১৯৩৩ সালে জার্মানির ফ্যাসিস্ট এই নেতাকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই বছর তিনি জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পতনের পর তার এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে ঘড়িটি পায় ফরাসি সেনারা। এরপর সেটি কয়েক প্রজন্ম পেরিয়ে নিলামকারী হাউজটির কাছে আসে। ঘড়িটি বিক্রির বিরুদ্ধে একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন ইহুদি নেতারা। হিটলারের স্মৃতি ধরে রাখাকে তারা জঘন্য বলে আখ্যায়িত করেছেন। এবং এ ধরণের সকল নিলাম বাতিলের আহ্বান জানান তারা।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলার নাৎসি জার্মানির নেতৃত্ব দিয়েছেন ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত। বলা হয়ে থাকে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়ে হিটলার অন্তত ১ কোটি ১০ লাখ মানুষকে হত্যা করেছেন। যাদের মধ্যে নাৎসি জার্মান বাহিনী ও দালালদের হাতে নিহত হয় ৬০ লাখ ইহুদি। অন্য ৫০ লাখ অ-ইহুদিকে হত্যা করা হয় গণহত্যার সময়ে। এ হত্যাকাণ্ড চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত।