পাহারা দেওয়ার সময় চোরের ঘুষিতে মাল্টা চাষীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২২, ১০:১৪ এএম

পাহারা দেওয়ার সময় চোরের ঘুষিতে মাল্টা চাষীর মৃত্যু

মাল্টা বাগান পাহারা দেওয়ার সময় চোরের ঘুষিতে এক মাল্টা বাগানের মালিকের মারা যাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাত ১১টার দিকে ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত ওই মাল্টা বাগানের মালিকের নাম মনু পাঠান (৬৫)। তিনি উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার সকালে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও থানা সূত্র জানায়, রবিবার রাতে বাড়ির পাশে নিজের মাল্টা বাগান পাহারা দিচ্ছিলেন মনু পাঠান। ওই সময় কেউ বাগানে ঢুকে মাল্টা চুরি করছিল টের পেয়ে মনু এগিয়ে গেলে তার ওপর চড়াও হয়ে মারধর করতে থাকেন চোর। মনুর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান চোর। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মনুর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল  ঘটনাস্থল থেকে মনু পাঠানের মরদেহ উদ্ধার করে “

সদর থানার এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও  তিনি জানান।

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরেই প্রথম ২৫ শতক নিজস্ব জমিতে মাল্টা বাগান করেছিলেন নিহত মনু। চোরের উপদ্রব থেকে বাগানের মাল্টা রক্ষার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতি রাতেই পাহারায় যেতেন তিনি। হাতে থাকতো একটি লাঠি। মাঝে মাঝে ছোট ছেলে তুহিন ও নাতনী তুলিও থাকতেন তার সঙ্গে। বাড়ি থেকে বাগানের দুরত্ব অনুমান আধা কিলোমিটার। মনু পাঠানের দুই ছেলে দুই মেয়ে। বড় ছেলে শাহিন থাকেন প্রবাসে।

Link copied!