সেপ্টেম্বর ৪, ২০২২, ১১:১৬ এএম
আকাশে ওড়ার পর মাটিতে সময়মতো প্যারাসুট না খোলায় মাটিতে আছড়ে মৃত্যুবরণ করেছেন তানিয়া পরদেজি নামে কানাডিয়ান এক টিকটক তারকা। গত মঙ্গলবার (২৭ অগস্ট) কানাডার অন্টারিয়ো প্রদেশে এ ঘটনা ঘটে।
টরেন্টোভিত্তিক টরেন্টো স্টার ও টরেন্টো সানসহ একাধিক সংবাদমাধ্যমে খবরে বলা হয়, একাকী আকাশে ভাসতে চেয়েছিলেন টিকটক তারকা তানিয়া পরদেজি। কিন্তু সময়ে খুলল না প্যারাসুট। মাটিতে আছাড় খেয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। সেই অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মাত্র ২১ বছর বয়সী তানিয়ার টিকটকে তাঁর অনুগামীর সংখ্যা কম নয়। নানা দুঃসাহসিক কাজ করে পোস্ট করতেন এই টিকটক তারকা। এবার চেয়েছিলেন প্যারাসুটে করে আকাশে ভেসে থাকতে। কিন্তু স্কাইডাইভিংয়ে প্রথম বারের একক প্রয়াসেই ঘটে গেল দুর্ঘটনা।
টরন্টোর স্কাইডাইভ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তানিয়া অনেক নিচু জায়গায় তাঁর প্যারাসুটটি খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের অভাবে প্যারাসুটটি খোলেনি। তিনি প্যারাসুটটি খুলতে দেরিও করে ফেলেছিলেন বলে দাবি করেছে একটি সূত্র। তানিয়ার মৃত্যুকে একটি অনভিপ্রেত ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থা। টিকটক তারকার আকস্মিক মৃত্যুতে তাঁর অনুগামী ভক্তরাও শোকে বিহ্বল হয়ে পড়েছেন।