প্রধানমন্ত্রী বললেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো।’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২২, ০৬:৪৮ পিএম

প্রধানমন্ত্রী বললেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো।’

শনিবার (২৪ ডিসেম্বর) ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানে শুরু হওয়া আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন বিভাগ থেকে একজন করে কাউন্সিলর বক্তব্য দেন।

এসময় ময়মনসিংহ বিভাগ থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই মাননীয় নেত্রী। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে আমরা শান্তি পাব।’

তার জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’ এ সময় রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো।’ দলীয় সভাপতির এ রসিকতায় সবাই হেসে ওঠেন।

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে বড় ধরণের কোনো পরিবর্তন হয়নি। সভাপতি পদে আবারও শেখ হাসিনা নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের হ্যাটট্রিক করেন।এছাড়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নতুন মুখ হিসেবে এসেছেন আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তাফা জালাল মহিউদ্দিন। আর দলের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী  সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Link copied!