আরো একটি বছর শেষের দিকে। করোনা মহামারিতে বিপর্যস্ত আরো একটি বছর। সেক্ষেত্রে বর্ষসেরা শব্দ হিসেবে কোভিডের সঙ্গে যুক্ত কোন শব্দই নির্বাচিত হবে এটাই তো স্বাভাবিক। হয়েছেও তাই। ২০২১ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে ভ্যাক্স (Vax)।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সংকলকরা ২০২১ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ভ্যাক্সিন বা টিকার সংক্ষিপ্ত রূপ ‘ভ্যাক্স’কে (Vax) বেছে নিয়েছেন। সোমবার (০১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে ২০২১ সালে বিশ্বজুড়ে ভ্যাকসিন সম্পর্কিত শব্দের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ভ্যাক্সের পাশাপাশি ডাবল-ভ্যাক্সড (double-vaxxed), আনভ্যাক্সড (unvaxxed) এবং অ্যান্টি-ভ্যাক্সার (anti-vaxxer) শব্দগুলোও বহুল ব্যবহৃত।
অক্সফোর্ড ডিকশনারির জ্যেষ্ঠ সংকলক ফিওনা ম্যাকফারসন বলেছেন, বর্ষসেরা হিসেবে ভ্যাক্স শব্দটি কোন দ্বিধা ছাড়াই বেছে নেওয়া হয়েছে। বছরজুড়ে এই শব্দটি লক্ষ্যণীয় প্রভাব ফেলেছে।
ফিওনা আরো বলেন, ১৯৮০ এর দশক থেকে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু চলতি বছরের আগে এই শব্দটি খুব কম ব্যবহার হতো।
ভ্যাক্স শব্দটির গ্রহণযোগ্য বানান দুটি যথাক্রমে ভ্যাক্স (Vax) এবং ভ্যাক্স (Vaxx)। তবে এক এক্স যুক্ত বানানটিই বহুল প্রচলিত।