বিশ্বের প্রথম কফিমন্ত্রী জো কুলি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২২, ১০:৫৪ এএম

বিশ্বের প্রথম কফিমন্ত্রী জো কুলি

শুধু কফির বিষয়টি দেখভালের জন্য মন্ত্রী পদে নিয়োগের ঘটনা বিরল। অবিশ্বাস্য হলেও সম্প্রতি পাপুয়া নিউগিনিতে এ ধরনের ঘটনা ঘটেছে। দেশটির সরকার দেশের কফি আরও জনপ্রিয় করে তুলতে একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে। এই মন্ত্রীর কাজ হবে কফিবিষয়ক নানা কিছু দেখভাল করা। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে বিতর্কিত এক নির্বাচনে জয়ী হয়ে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেমস মারাপ্পে। গত মঙ্গলবার তিনি নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন। তাঁর মন্ত্রিসভায় নতুন দুটি পদ আলোচনায় এসেছে। এর একটি হচ্ছে, কফিমন্ত্রী ও আরেকটি পাম তেলবিষয়ক মন্ত্রী।

কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী জো কুলি। পাম তেলবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পার্লামেন্ট সদস্য ফ্রান্সিস মানেকে।

প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে বলেছেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তিনি এ দুটি মন্ত্রণালয়ে মন্ত্রী নিয়োগ করেছেন।

কফি ও পাম তেল পাপুয়া নিউগিনির দুটি শীর্ষ রপ্তানি পণ্য। প্রধানমন্ত্রী মারেপ্পে বলেন, ‘গত তিন–চার দশকে পাপুয়া নিউগিনির প্রচলিত শস্যগুলো গুরুত্ব হারিয়েছে। আমরা সেগুলো আবার আলোচনায় ফিরিয়ে আনতে চাই। এগুলোকে নির্দিষ্ট মন্ত্রীর অধীনে ভাগ করা হচ্ছে, যাতে সেগুলো ক্ষুদ্র স্তরে ঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়।’

দেশটির প্রধানমন্ত্রী আরও বলেন, জো কুলির অন্য কোনো কাজ থাকবে না। সেরা কফি পান করানোই হবে তাঁর কাজ। তাঁকে ঘুমাতে, চলতে–ফিরতে, কথা বলতে শুধু কফির বিষয়টি নিয়ে ভাবতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে পাপুয়া নিউগিনির প্রধান কৃষি রপ্তানির শীর্ষে রয়েছে পাম তেল। এ পণ্য থেকে ২৮ কোটি ৩০ লাখ ডলার রপ্তানি আয় করে দেশটি যা দেশটির মোট কৃষি রপ্তানির ৪০ শতাংশ। দেশটির কৃষি রপ্তানি পণ্যের দ্বিতীয় অবস্থানে রয়েছে কফি। দেশটিতে ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জিডিপির ৬ শতাংশ জোগান আসে এ পণ্য থেকে।

Link copied!