আগস্ট ৯, ২০২২, ১০:৪৫ এএম
পৃথিবীর সবচাইতে মধুর সম্পর্কের নাম ভালোবাসা। কারণ এই সম্পর্কে থাকে না কোন ধরেনর অপ্রাপ্তির ছায়া। মান অভিমান থাকে,আক্ষেপ থাকে কিন্তু ভালোবাসার থেকে দুরুত্ব কখনো থাকে না। ভালোবাসা এক ধরণের টান ,এক ধরণের আবেগ। আর এই আবেগ প্রমাণ করতে বা ভালবাসা কতটা নির্ভেজাল তা প্রমাণে অনেক প্রেমিক প্রেমিকা নানা ধরণের বা অদ্ভূত ঘটনার জন্ম দিয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছেন। এমনই এক বিচিত্র কাণ্ড ঘটিয়ে পুরো ভারতে হইচই ফেলে দিয়েছেন আসাম রাজ্যের এক কিশোরী।
১৫ বছরের ওই কিশোরী তার প্রেমিকের প্রতি ভালবাসার প্রমাণ করতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছেন। এইচআইভি আক্রান্ত প্রেমিকের শরীর থেকে রক্ত নিয়ে তা নিজের শরীরে নিয়েছেন ওই কিশোরী। আসাম রাজ্যের সুয়ালকুচি জেলার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
ভারতের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীর। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর আলাপ হয়েছিল। তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বেশ কয়েক বার প্রেমিকের সঙ্গে পালিয়েও গিয়েছিল ওই কিশোরী। পরে কিশোরীকে ফিরিয়ে আনে তার পরিবার। তবে এবার কিশোরীর এই কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন তার পরিবারের সদস্যরা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কিশোরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় চিকিৎসকেরা। যে কাজ ওই কিশোরী করেছে, তাতে প্রাণসংশয় পর্যন্ত হতে পারে বলে তাঁরা জানিয়েছেন।