মসজিদে চলছে টিকাদান কর্মসূচি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২১, ১২:০১ পিএম

মসজিদে চলছে টিকাদান কর্মসূচি

জার্মানিতে একটি মসজিদে চলছে করোনার টিকাদনি কর্মসূচি। দেশটির কোলন শহরের কেন্দ্রীয় মসজিদে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে টিকা দেওয়া হচ্ছে। শনিবার (৮ মে) থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শহরটিতে শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি।

সম্প্রতি নগর কর্তৃপক্ষ মসজিদটিকে টিকাদান কেন্দ্র করে হিসেবে ঘোষণা করে।

শনিবার স্থানীয় সময় ভোর থেকেই স্থানটিতে জড়ো হতে শুরু করেন কোলনের নানা বয়সী বাসিন্দা। মসজিদটির বাইরে নানা বয়সী নারী-পুরুষের লম্বা লাইন দেখা যায়। একে একে তারা ভেতরে প্রবেশ করছেন টিকা নেওয়ার জন্য।

এক জার্মান নাগরিক জানান, কোথায় বসে টিকা নিচ্ছি এটি আমার কাছে মুখ্য নয়, টিকা নিতে পারলেই আমি খুশি।

আরেক জার্মান নাগরিক বলেন,  ‘আমি এখানে ভ্যাকসিন নিতে এসেছি। এখানে যারা নামাজ পড়তে আসেন তাদের এ নিয়ে কোনো সমস্যা না থাকলে আমার কেন এখানে আসতে সমস্যা হবে’।

করোনা মহামারি নিয়ন্ত্রণে জাতির বৃহত্তর স্বার্থে পবিত্র এই স্থানটি ব্যবহারের অনুমতি দিয়েছে খোদ মসজিদ কর্তৃপক্ষই। আর তাই, ফুরিয়ে যাওয়ার আগেই যত দ্রুত সম্ভব টিকার আওতায় আসতে শহরের মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কোলন সেন্টাল মসজিদ কমিটির নেতারা।

সেন্টাল মসজিদ কমিটির এক নেতা জানান, রমজান মাসে সাধারণত রোজাদাররা সেহরি করে একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। আর তাই তারা এখানে আসার আগেই লাইন দীর্ঘ হয়ে গেছে। এ জন্য তাই আমি মুসলিম ভাইবোনদের আমি বলবো, আপানার একটু কষ্ট হলেও, সকাল সকাল এখানে আসুন, টিকা নিন।

মসজিদটিতে গণহারে প্রয়োগের উদ্দেশ্যে মাত্র দুই হাজার ডোজ টিকা বরাদ্দ থাকায় ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।

Link copied!