সবচেয়ে কম সময়ে সন্তান জন্ম দিয়ে ‘বিশ্ব রেকর্ড’ গড়লেন যুক্তরাজ্যের এক নারী। সোফি বাগ নামে ওই নারী হ্যাম্পশায়ারের বেসিংস্টকে নিজ বাসায় মাত্র ২৭ সেকেন্ডেই জন্ম দেন তার তৃতীয় সন্তান।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাও এর খবরে বলা হয়, ২৯ বছর বয়সী সোফি ছিলেন ৩৮ সপ্তাহের গর্ভবতী। বাসায় থাকা অবস্থায় একদিন রাতে তার ঘুম ভেঙ্গে যায়। তবে ওইসময় তার কোনো প্রসব যন্ত্রণা ছিলনা। স্বাভাবিক ভাবেই তিনি বাথরুমে যান এবং কিছু বুঝে উঠার আগেই তার সন্তান ভূমিষ্ট হয়। পুরো ঘটনাটি ঘটে মাত্র ২৭ সেকেন্ডে।
পরে নবাগত সন্তানের রুটিন পরীক্ষার জন্য জীবনসঙ্গী ক্রিসকে নিয়ে সোফি দ্রুত হাসপাতালে যান। এসময় কর্তব্যরত ডাক্তার মা ও সন্তান দুইজনকেই সুস্থ ঘোষণা করেন। রেকর্ড গড়া এই কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মিলি।
আশ্চর্য হলেও সোফির জীবনে এমন ঘটনা নতুন নয়। ২০১৩ সালে প্রথম সন্তান জন্ম দিতে তার সময় লেগেছিল ১২ মিনিট। আর ২৬ মিনিট সময় লেগেছিল তার দ্বিতীয় সন্তান জন্ম দিতে।