মাসে বেতন ৬ লাখ, ৫ বছরের শিশুরাও আবেদন করতে পারবে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২২, ০৫:১৮ পিএম

মাসে বেতন ৬ লাখ, ৫ বছরের শিশুরাও আবেদন করতে পারবে

চকলেট কমবেশি সবার কাছে প্রিয়। তবে শিশুদের কাছে চকলেট আর ক্যান্ডির আবেদন সবসময় বেশি।  তবে এমন যদি হয়,  চাকরির শর্ত হচ্ছে সারাদিন চকলেট প্রায় শতাধিক চকলেট খেতে হবে। আর আপনি এর জন্য বছরে এক লাখ কানাডিয়ান ডলার বেতন পাবেন। বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ৫০ হাজার টাকা।  অর্থাৎ প্রতি মাসে ৬ লাখ ১২ হাজার টাকা বেতনের চাকরি। কেমন হবে ব্যাপারটি? 

গত ৩১ জুলাই আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, এমনই চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডার একটি প্রতিষ্ঠান। ক্যান্ডি ফানহাউস নামের প্রতিষ্ঠানটি সম্প্রতি চিফ ক্যান্ডি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

উদ্ভট শোনালেও  কানাডার অন্টারিওভিত্তিক কোম্পানি ক্যান্ডি ফানহাউস এমনই চাকরির জন্য  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।চকলেট ও ক্যান্ডি পছন্দ করেন এমন ব্যক্তি খুঁজছে তারা।

নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘আপনি কি চকলেট-ক্যান্ডি খেতে ভালোবাসেন? মিষ্টান্নজাতীয় খাবার খেতে কি আপনার খুবই ভালো লাগে? এমন নতুন কিছুর জন্য অপেক্ষায় থাকেন? তবে এ পদে আপনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  চকলেট খাওয়ার এ চাকরিতে বার্ষিক বেতন এক লাখ কানাডিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ৫০ হাজার টাকা)।

ঘরে বসে কিংবা কানাডা ও নিউ জার্সি অফিস থেকে কাজ করা যাবে। চিফ ক্যান্ডি অফিসারের মূল কাজ হবে স্বাদ পরীক্ষা করা। কোম্পানিতে তৈরি হওয়া চকলেট ও ক্যান্ডির স্বাদ পরীক্ষা করে দেখবেন তিনি। স্বাদের ব্যাপারে তার ছাড়পত্র মিললে তবেই বাজারে ছাড়া হবে চকলেট। মাসে গড়ে সাড়ে তিন হাজার পণ্যের স্বাদ পরীক্ষা করতে হবে তাকে।

চাকরির শর্ত হিসেবে বলা হয়েছে, প্রতিদিন প্রায় ১১৩টি ক্যান্ডি ও চকলেট খেতে হবে চিফ ক্যান্ডি অফিসারকে। আরও কিছু দায়িত্ব আছে তার। ক্যান্ডি নিয়ে পরিকল্পনা এবং কৌশল নির্ধারণ বিভাগের নেতৃত্বে থাকবেন তিনি। ক্যান্ডি বোর্ড মিটিং করতে হবে তাকে। কোন পণ্য বাজারে আনা যায়, সেটিও নির্ধারণ করবেন তিনি।

তবে এত চকলেট খেয়ে দাঁত নষ্ট হলে বা দাঁতের বারোটা (ক্ষতি) বেজে যাওয়ার ভয় থাকলেও নিশ্চিন্ত থাকতে পারবেন ওই অফিসার। কারণ প্রতিষ্ঠান থেকেই দাঁতের সুরক্ষা এবং দেখভালের ব্যবস্থা থাকছে।

তবে ওই অফিসার যদি যুক্তরাষ্ট্রে থেকে কাজ করতে চান তাহলে তার বার্ষিক বেতন হবে এক লাখ মার্কিন ডলার। আর যদি কানাডায় থেকে কাজ করতে চান তবে বেতন হবে এক লাখ কানাডিয়ান ডলার। এমন শর্ত উল্লেখ আছে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত পদের জন্য আবেদন করা যাবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তিতে আর বলা হয়, পাঁচ বছরের বেশি যে কোনো লোক পদটির জন্য আবেদন করতে পারবেন।তবে লোভনীয় এই চাকরির আবেদন সবাই করতে পারবেন না। শুধুমাত্র উত্তর আমেরিকার দেশগুলোর নাগরিকরা এই চাকরির সুযোগ পাচ্ছেন।  নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন কথাই বলা হয়েছে।

Link copied!