যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে অদ্ভুত প্রাণীর সন্ধান!

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৭:২৭ পিএম

যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে অদ্ভুত প্রাণীর সন্ধান!

যুক্তরাজ্যের একটি সমুদ্র সৈকতে প্রায় ২৩ ফু্ট দৈঘ্যের রহস্যময় এক প্রাণীর মৃতদেহ পাওয়া গেছে। দেশটির ওয়েলস’র একটি সৈকতে এই রহস্যময় প্রাণিটির পচা-গলা দেহটির দিকে প্রথমবার তাকালে মনে হবে এটি কোনো বস্তু বা কোনো তিমি মাছের কঙ্কাল। তবে এটি বস্তু বা মাছ কোনোটাই নয়।

যুক্তরাজ্যের গণমাধ্যম মেট্রোর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত সপ্তাহের কোনো এক সময় দক্ষিণপশ্চিম ওয়েলস এর ব্রড হ্যাভেন সাউথ বিচে এই প্রাণিটি ভেসে আসে। প্রাণিটির দেহের বেশিরভাগ অংশই পচে গেছে। দেহ থেকে কিছু  নমুনা  সংগ্রহ করে দেশটির প্রাণি বিজ্ঞানীদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা এখন প্রাণিটির পরিচয় উদঘাটনের চেষ্টা করছে বলে  জানা গেছে।

যুক্তরাজ্যের মেরিন এনভায়রনমেন্টাল মনিটরিং নামের একটি সংস্থা প্রাণীটির ছবি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংস্থাটি  লিখেছে, করোনা মহামারির কারণে প্রাণীটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। সম্ভবত ২৫ ফেব্রুয়ারি প্রাণীটি ভেসে এসেছে। পরে প্রাণীটির ছবি দেখার পর সংস্থার পক্ষ থেকে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় প্রাণী পরীক্ষাগারের ভাষ্য, বাস্কিং শার্ক হতে পারে এটি। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। সঠিক পরিচয় জানার জন্য পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে।

Link copied!