আদরের পোষা বিড়াল নিয়ে বরিশালে আয়োজিত হলো বিড়াল প্রদর্শনী। শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামের তিনটি বিড়ালসহ মোট ৪০টি বিড়াল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর একটি কনভেনশন হলে বিড়ালপ্রেমীদের অংশগ্রহণ ও বিড়াল নিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথমবারের মতো এই ভিন্নরকম অনুষ্ঠানটি আয়োজিত হয়।

আয়োজক ক্যাট/পার্সিয়ান ক্যাট সোসাইটি অব বরিশালের সমন্বয়ক আবির বিন মিজান বলেন, ‘পশুপ্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী প্রথম গ্রুপ খুলে বিড়াল প্রেমীদের একত্র করার চেষ্টা করি এবং অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পাই। পরে সকলের সম্মতিতে শুক্রবার বরিশালে প্রথম বিড়াল প্রদর্শনীর আয়োজন করি। সেখানে বিড়ালগুলো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।’
প্রদর্শনীর প্রধান অতিথি প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম বলেন, ‘আজকের এই বিড়াল প্রদর্শনী ছিল বিড়ালদের প্রতিযোগিতার পাশাপাশি চিত্তবিনোদনেরও একটি বিষয়। নাগরিক জীবন নগরে সবসময় একই রকম যায়। এই বিড়াল মেলা সবার জন্য একটু ব্যতিক্রম আনন্দ নিয়ে এসেছে।’
শাকিব-অপু-বুবলী নামকরণের কারণ জিজ্ঞেস করলে প্রদর্শনীতে অংশগ্রহণকারী জেবা মারিয়া অহনা বলেন, ‘আমরা শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলী নামে বিড়ালের নামকরণ করেছি, কারণ বর্তমানে এর ট্রেন্ড চলছে।’

প্রদর্শনীতে নিজের বিড়াল নিয়ে আসা শারমিন বলেন, ‘আমার ছেলেমেয়েদের জন্য দুই বছর ধরে বিড়াল পুষছি। প্রযুক্তির এই সময়ে সন্তানদের মোবাইলসহ অন্য ডিভাইসে আসক্ত না করে জীবেপ্রেম শেখাতে পারলে মনে করি, সঠিক শিক্ষা দিতে পারব। এই জায়গা থেকেই আমি উদ্যোগী হয়ে বিড়াল পুষছি।"
প্রদর্শনীতে দর্শনার্থী ছিলেন শতাধিক। এছাড়া, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন ৪০ জন বিড়াল মালিক। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দর্শনার্থীদের অনেকেই জানান, এমন ব্যতিক্রমী আয়োজন আরও হওয়া প্রয়োজন। এই আয়োজন সাধারণ মানুষের মধ্যে পশুর প্রতি ভালোবাসা অনেক বাড়িয়ে দেবে। জীবের প্রতি দয়ার বিষয়েও বাড়বে সচেতনতা।
অংশগ্রহণকারীরাও চান, এ ধরনের আয়োজন আরও বেশি হোক যাতে করে প্রাণীর প্রতি মানুষের মমত্ব বৃদ্ধি পায়। এছাড়া একঘেয়ে নগরজীবনে আনন্দ এনে দিবে এ ধরনের আয়োজন।