সুনামগঞ্জের বানভাসি জমিলার সন্তানের নাম ‘প্লাবন’ রাখলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ০৩:০৩ এএম

সুনামগঞ্জের বানভাসি জমিলার সন্তানের নাম ‘প্লাবন’ রাখলেন প্রধানমন্ত্রী

বন্যায় চারদিকে থৈ থৈ পানি। চরাচর আছে ডুবে। এরইমধ্যে প্রসব বেদনা উঠে জমিলা বেগমের। তাঁকে উদ্ধার করে আনা হয় জেলা প্রশাসকের অফিস কক্ষে। সেখানেই জন্ম নেয় বানভাসি জমিলা বেগমের সন্তান। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক উপদ্রুত অঞ্চলের খবর রাখছিলেন। এই ঘটনাটিও তাঁর নজর এড়ায়নি। তিনি তাৎক্ষণিক ওই সন্তানের নাম রাখেন ‘প্লাবন।’ 

শনিবার দুপুর দুইটায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের অফিস কক্ষে জন্ম নেয় এই সন্তান। রাত ৮টায় প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী নিজে জমিলা বেগমের সন্তানের নাম প্লাবন রেখেছেন।

তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রবিবার সকালেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমিলা ও প্লাবনকে নতুন কাপড়, বিছানাপত্র ও নগদ টাকা পৌছে দেবার নির্দেশ দেন।

এর আগে সুনামগঞ্জ শহরতলির মল্লিকপুরের বাড়ির সামনে কোমর সমান পানিতে দাঁড়িয়ে প্রসব বেদনায় চিৎকার করছিলেন জমিলা বেগম। অসহায় স্বামী মো. সুমন মিয়া একটি নৌকার জন্য যাকেই পাচ্ছিলেন, তার কাছেই সহযোগিতা চাচ্ছিলেন। কোথায় স্ত্রীকে নিয়ে যাবেন, সেই পরামর্শও সবাইকে জিজ্ঞেস করছিলেন। একপর্যায়ে এই সংবাদ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের কাছে এসে পৌঁছায়।

পরে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বণিক হাতে বাওয়া ছোট বারকি নৌকা নিয়ে জমিলার বাড়ির সামনে গিয়ে তার বড় বোন ও স্বামী সুমন মিয়াকে নিয়ে কার্যালয়ে চলে আসেন। তাৎক্ষণিক চেষ্টা করেও ডাক্তার মেলানো যায়নি। অবশেষে বেলা দুইটায় জমিলা পুত্র সন্তান প্রসব করেন। জমিলা ও তাঁর পুত্র দুজনেই সুস্থ আছে।

রাত সাড়ে ৮টায় জমিলা ও তাঁর সন্তানের খাবার-দাবারসহ অন্যান্য বিষয়ে সহযোগিতার জন্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জেলা প্রসাশক জাহাঙ্গীর হোসেনের কাছে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

Link copied!