সোয়া ঘণ্টা ম্যারাথনে দৌড়ালেন ৮৪ বছরের নারী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৮:৪৭ এএম

সোয়া ঘণ্টা ম্যারাথনে দৌড়ালেন ৮৪ বছরের নারী

মানুষ কখনও কখনও বয়সকেও হার মানায়। শারীরিক ও মানসিক দিক থেকে এতটা শক্তিশালী হয়ে ওঠে যে বয়সের ভারে তাঁরা নুয়ে পড়েন না। তবে এ ধরনের মানুষের দেখা মেলে কালেভদ্রে।

যুক্তরাজ্যের নাগরিক বারবারা ঠাকরে তেমনি একজন নারী। যাঁর বয়স ৮৪ বছর। এই বয়সে ম্যারাথনে অংশ নিয়েছেন। সোয়া ঘণ্টার বেশি সময় টানা দৌড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত রবিবার যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের আল্ট্রিনচামে ম্যারাথনে অংশ নিয়েছিলেন বারবারা। এই আয়োজনে তিনি টানা ১ ঘণ্টা ২৬ মিনিট ৪৫ সেকেন্ড দৌড়েছেন। এ সময় বারবারার সঙ্গে তাঁর ছেলে জেমসও দৌড়ে অংশ নেন।

ম্যারাথনে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন বারবারা। এক সাক্ষাৎকারে বারবারা জানান, তিনি যখন দৌড় শুরু করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ৭৭ বছর। সাত বছর ধরে কঠোর অনুশীলন করছেন তিনি। এমনকি করোনার লকডাউনের সময়ও তিনি প্রতি সপ্তাহে ২০ কিলোমিটার বা ১২ মাইল দৌড়াতেন। অবশেষে ৮৪ বছর বয়সে এসে সফলতা ধরা দিয়েছে। তিনি একটি ম্যারাথনে অংশ নিয়েছেন ও সফলতার সঙ্গে দৌড় শেষ করেছেন।

Link copied!