স্ত্রীর সাথে রাগ করে এক মাস ধরে তালগাছেই বসবাস!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২২, ০২:২৯ পিএম

স্ত্রীর সাথে রাগ করে এক মাস ধরে তালগাছেই বসবাস!

স্ত্রীর সাথে ছয় মাস ধরে চলছিল বিবাদ। স্ত্রীকে মারধর করবেন কি, স্ত্রীই নাকি তাকে বেদম পেটাতো! স্বামী বেচারা করবেন কি? স্ত্রীর ওপর এল তার তীব্র বিতৃষ্ণা। ভাবলেন বাড়ি ছেড়ে চলে যাবেন দূরে কোথাও। কিন্তু কোথায় যাবেন তা ভেবে না পেয়ে শেষ পর্যন্ত বাড়ির পাশের ৮০ ফুট লম্বা তালগাছে উঠে পড়লেন তিনি। উঠলেন যে উঠলেন, আর নামছেন না। গত একমাস ধরে সেখানেই অবস্থান করছেন ওই ব্যক্তি। খবরটি ছড়িয়ে পড়লে তাকে দেখতে এখন শতশত মানুষ ভীড় করছে ওই বাড়িতে।

এই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মউ জেলার কোপাগঞ্জের। ভারতীয় গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, ৪২ বছর বয়সী রাম প্রবেশ গত এক মাস ধরে তালগাছেই অবস্থান করছেন। স্ত্রীর ব্যবহারে তিনি এতটাই বিরক্ত হয়েছেন যে নিচে নামার ইচ্ছাটুকুও অবশিষ্ট নেই। পরিবারের সদস্যরা অনেক অনুরোধ করা সত্ত্বেও তিনি নিচে নামছেন না। ওপরে থাকলে খানাপিনা করবেন কোথায়- এমন চিন্তায় পরিবারের লোকজন তার জন্য খাবার এবং পানি একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাম উপর থেকে সেই দড়ি টেনে খাবার তুলে নিয়ে খেয়ে আবার দড়ি ঝুলিয়ে দেন।

স্থানীয়দের দাবি, রাত্রিবেলা চুপি চুপি গাছ থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার গাছে উঠে যান রাম। শুধু বাড়ির লোকই না, রাম প্রবেশকে নেমে আসার অনুরোধ করেন এলাকার সবাই। কিন্তু তাতেও রাজি না হওয়ায় পুলিশ ডেকে রামকে নামানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। পুলিশ অনেক অনুরোধ করে উপায় না পেয়ে শেষে হুঁশিয়ারিও দিয়েছে। কিন্তু তাতেও লাভ হয়নি। অবশেষে তারা শুধু একটি ভিডিও করে ফিরে যান।

রাম প্রবেশের গ্রামের প্রধান দীপক কুমার জানান, তাল গাছে রামের বসবাস নিয়ে অনেকেই পঞ্চায়েতে অভিযোগ করেছেন। তালগাছের চারদিকে অনেক বাড়ি আছে এবং গাছের উপর থেকে রাম সেই বাড়িগুলিতে লক্ষ্য রাখে। এতে গ্রামবাসীদের গোপনীয়তা নষ্ট হচ্ছে। গ্রামের অনেক নারীও এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

রাম প্রবেশের বাবা শ্রীকিষান রাম জানান, তালগাছে থাকা তাঁর ছেলেকে দেখতে প্রতিদিন অনেক লোক ভিড় করছেন ওই এলাকায়।

Link copied!