স্বামীর মোবাইলে নজরদারিতে স্ত্রীর জরিমানা সোয়া লাখ টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২১, ০১:২৭ পিএম

স্বামীর মোবাইলে নজরদারিতে স্ত্রীর জরিমানা সোয়া লাখ টাকা!

স্বামীর মোবাইল ফোনে নজরদারি করে গোপনীয়তা ভঙ্গ করায় স্ত্রীকে মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে। নজরদারির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ হাজার ৪৩১ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায়  সোয়া লাখ টাকা) জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র একটি সিভিল আদালত এই রায় দিয়েছেন।

এবিষয়ে আদালত বলেন, ‘স্বামীর মোবাইল ফোনে  নজরদারি করে তার স্ত্রী গোপনীয়তা ভঙ্গ করেছেন। মোবাইল ফোন থেকে ছবি ও রেকর্ডিংস স্থানান্তর করে স্ত্রী সেগুলো স্বামীর পরিবারের সঙ্গে শেয়ার করেছেন যাতে করে তার ইমেজ নষ্ট হয়।’

এরপরই ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা দায়ের করেন স্বামী। তার ছবি পরিবারের সঙ্গে শেয়ার করায় এবং তাকে অপমান করায় যে ক্ষতি হয়েছে, সেটির ক্ষতিপূরণ চেয়েই এই মামলা দায়ের করেন ওই ব্যক্তি।

ওই স্ত্রীর স্বামী জানান, ‘এই মামলা লড়তে গিয়ে তাকে অনেক বার আদালতে হাজিরা দিতে হয়েছে। এসময় অফিসে অনুপস্থিত থাকায় তার বেতন কাটা গেছে। আবার মামলা চালাতে গিয়ে তার অনেক অর্থ খরচ হয়ে গেছে। এছাড়া এ ঘটনা তাকে মানসিকভাবেও ক্ষতিগ্রস্থ করেছে।’

তবে স্ত্রীর আইনজীবী জানান, ‘এক মেয়ের বাবা ওই ব্যক্তি তার ক্লায়েন্টকে মৌখিকভাবে নিপীড়ন করেছে। তাকে ঘর থেকেও বের করে দিয়েছেন তিনি। এতে বেশ বিপাকে পড়েন তার ক্লায়েন্ট।

সূত্র: খালিজ টাইমস

Link copied!