হাতির ভয়ে বিয়ের আসর থেকে বর পালালেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২১, ০৬:৩৯ পিএম

হাতির ভয়ে বিয়ের আসর থেকে বর পালালেন

ভারতের উত্তর প্রদেশে হাতির পিঠে চেপে বিয়ে করতে আসা এক ব্যক্তি সেই হাতির তাণ্ডবের ভয়ে বিয়ের আসর ছেড়ে পালালেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই বিয়ের ভিডিওতে দেখা গেছে, আনন্দ ত্রিপাঠি নামের ওই বর বিয়ের অনুষ্ঠানস্থলে আসছেন। তিনি একটি ঘোড়ার গাড়িতে বসেছিলেন। ওই গাড়িটি আবার নিয়ন বাতি দিয়ে সাজানো ছিল। বিয়েতে বরযাত্রীরা একটি হাতি ও কয়েকটি ঘোড়া নিয়ে এসেছিলেন।

সবই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ এক অপ্রীতিকর ঘটনা ঘটে, যখন বরযাত্রীদের আগমনে বিকট শব্দে বাজি ফোটা শুরু হয়। এ বাজি ফোটার শব্দে হাতিটি ক্ষেপে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হাতিটি।

ক্ষিপ্ত হাতিটি সামনে যা পেয়েছে তাই ধ্বংস করেছে। বিয়ের সামিয়ানাটিও লণ্ডভণ্ড করে দেয় সেটি। এমনকি বিয়ের অনুষ্ঠানে পার্ক করা চারটি গাড়িও উল্টে দেয়।

হাতির এমন তাণ্ডবে নাটকীয়ভাবে বিয়ের আনন্দঘন এ অনুষ্ঠানের পরিস্থিতি এমন ধ্বংসাত্মক দিকে মোড় নেয়ায় স্বয়ং বরই ওই স্থান থেকে পালিয়ে যান। তিনি ঘোড়ার গাড়ি থেকে সজোরে লাফ দিয়ে নেমে আসেন এবং অন্যান্য অতিথিদের সঙ্গে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান।

সূত্র : ইন্ডিয়া টুডে।

 

Link copied!