জুলাই ২৫, ২০২২, ০৯:৩৮ এএম
মিঠাপানির অধিকাংশ মাছেই প্রচুর কাঁটা থাকে। কাঁটার কারণে অনেকে মাছ খেতে চান না। তবে কাঁটা নরম করার একটি সহজ কৌশল বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাছের কাঁটা একটা সমস্যা। প্রক্রিয়াজাত করলে এই কাঁটা কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা খুব বেশি কঠিন না। আপনারা যদি প্রেসারকুকারে মাছ ১ ঘণ্টা ১০ মিনিট সিদ্ধ করেন, মাছের কাঁটা কিন্তু নরম হয়ে যায়।’ এ সময় প্রক্রিয়াজাত করা কাঁটাযুক্ত মাছেরও বাণিজ্যিক সম্ভাবনার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা যদি বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে-বিদেশে রপ্তানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ নেবে। মাছের বিভিন্ন পণ্য আমরা তৈরি করে রপ্তানি করতে পারব।’ সবাইকে মৎস্য উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যার যেখানে জলাধার আছে, সেখানে আপনারা মাছের চাষ করেন। আমরা মাছে-ভাতে বাঙালি। এইভাবেই আমাদের জীবনটা আরও উন্নত হোক, এই আকাঙ্ক্ষা করি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমাদের নতুন প্রজন্ম মাছ চাষে এগিয়ে আসবে। তাতে কর্মসংস্থান যেমন হবে, দেশে বেকারত্ব দূর হবে। সেই সঙ্গে দেশও রপ্তানিযোগ্য পণ্য পাবে আর দেশের অভ্যন্তরীণ চাহিদাও মিটবে।’