ডিসেম্বর ২৮, ২০২৩, ০৯:৩৫ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণভবনে ‘বিএনপির সন্ত্রাসী হামলায়’ আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়?
তিনি বলেন, বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।
এ সময় ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর যারা হামলা করেছে, তাদের শাস্তির বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাস-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেব?
তিনি বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।