দলীয় আদর্শের পরিপন্থী বক্তব্য রাখায় বিএনপি নেতা দুলুকে পদাবনতি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৯, ২০২৪, ০৯:৩০ এএম

দলীয় আদর্শের পরিপন্থী বক্তব্য রাখায় বিএনপি নেতা দুলুকে পদাবনতি

রুহুল কুদ্দুস তালুকদার দুলু

দলীয় আদর্শের পরিপন্থী বক্তব্য রাখার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পদাবনতি দিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

রোববার (১৯ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, “দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে দুলুকে কারণ দর্শানো বা শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ার কারণে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গত ১৫ আগস্ট নাটোর শহরে এক কর্মসূচিতে হুঁশিয়ারি দিয়ে তিনি মন্তব্য করেছিলেন, টেলিভিশন ও সংবাদপত্রে ‘খুনি শেখ হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া’ হবে।

সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শোকজ নোটিশ দেয় বিএনপির হাই-কমান্ড। নির্ধারিত সময়েই তিনি নোটিশের জবাব দিয়েছেন। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী বক্তব্য রাখায় দুলুকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদাবনতি দিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

Link copied!