ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:০৫ পিএম
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল ও শান্তিপূর্ণ রাজনৈতিক ভূমিকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার দেওয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফল শান্ত ও সম্মানজনকভাবে গ্রহণ দেশের গণতান্ত্রিক পরিবেশকে ইতিবাচক বার্তা দিয়েছে। তিনি জানান, প্রচারপর্ব থেকে ফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামায়াত আমিরের সংযত বক্তব্য ও শান্তিপূর্ণ আচরণের আহ্বান সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হয়েছে।
অধ্যাপক ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন ও পরামর্শ দিয়েছে, তা সরকারের জন্য সহায়ক ছিল। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকার ও বিরোধী—উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
বার্তায় প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করেন, ডা. শফিকুর রহমান–এর নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে সংসদে সক্রিয় থাকবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
শেষে অধ্যাপক ইউনূস জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, অতীতে জাতীয় সংহতিতে জামায়াত আমির যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রধান উপদেষ্টা।