মার্চ ২৯, ২০২৬, ০৬:৪৬ পিএম
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি
নিয়ম যখন সরকারের পক্ষে যায় তখন নিয়ম আর যখন বিপক্ষে যায় তখন তা কাস্টম হয়ে যায়—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
আজ রোববার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাসনাত আবদুল্লাহ বলেন, নিয়মের বেড়াজালে আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। কোনটা সাংবিধানিক, কোনটা অসাংবিধানিক—এই বেড়াজালেই ঘুরপাক খাচ্ছে সংসদ। এ সময় তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান, যেন তাদের সাংবিধানিক মারপ্যাচে না রাখা হয়।
৭১ বিধিতে আলোচনার মাঝখানে গণভোট ও জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা করতে নোট দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন নাহিদ ইসলাম।
এটি রেওয়াজ ও সংসদের রীতিনীতি বিরুদ্ধে বলে মত দেন সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। এই নিয়ে কয়েক মুহুর্তের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, এই রীতি স্পিকার চাইলে ভাঙতে পারেন এমন মতামত দেন তিনি। যদিও স্পিকার রীতি রেওয়াজ মেনে তা ৭১ বিধির পরে আলোচনার জন্য বলেন।