ভোটের আগের ভাষণেও সংলাপের কথা বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২৪, ০১:২৭ পিএম

ভোটের আগের ভাষণেও সংলাপের কথা বললেন সিইসি

শনিবার (৬ জানুয়ারি) তিনি এই আহ্বান জানান।

নির্বাচনের আগের দিনের ভাষণেও রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ ও আলাপ আলোচনার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শনিবার (৬ জানুয়ারি) তিনি এই আহ্বান জানান। এ সময় ভোটের প্রস্তুতির বিষয়ে যাবতীয় তথ্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক দেশি-বিদেশি সাংবাদিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। 

সব উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে ভোট দিতে এসে নাগরিক দায়িত্ব পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবীবুল আউয়াল। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি আলাপ-আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়ে যে কোনো রাজনৈতিক সংকটের নিরসন সম্ভব। নির্বাচন বর্জনকারী দলসমূহ সহিংস পন্থা পরিহার করে কেবল শান্তিপূর্ণ পন্থায় জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানাবে মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এতে জনমনে আস্থা সঞ্চারিত হয়েছিল। ঘোষিত হরতাল অবরোধের মধ্যে সহিংসতা ও নাশকতার ঘটনা দৃশ্যমান হচ্ছে। ট্রেন, যানবাহন, নির্বাচন কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। কারা দায়ী সেটি আমাদের বিবেচ্য নয়। তবে নাশকতা ও সহিংসতার কতিপয় সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। তারপরও অলংঘনীয় সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণকে অনুরোধ করছি আপনারা সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন।

Link copied!