ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ। কাল কার্যতালিকার প্রথমেই এ আবেদনটি থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। জামায়াত নেতা এটিএম আজহারের আইনজীবী এহসান এ সিদ্দিকি রিভিউ আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবধাবিরোধী অপরাধের জন্য ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরে ২০২০ সালের ১৯ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। ০
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতারা আজহারুল ইসলামকে মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ সমাবেশ করছে।
জামায়াতের আমির শফিকুর রহমান গত সপ্তাহে ঘোষণা দেন যে আজ মঙ্গলবার আদালতে অবস্থান করে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান। এরই মধ্যে গত বৃহস্পতিবার রিভিউ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। পরে আজ মঙ্গলবার শুনানির দিন ঠিক করা হয়।
গতকাল সোমবার রাতেই আদালতে অবস্থান করে স্বেচ্ছা গ্রেপ্তারের কর্মসূচি স্থগিত করেন জামায়াতের আমির।