ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে শুনানি শেষে জামিনের আদেশ দেন।
হাফিজ উদ্দিনের আইনজীবী মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ৫ মার্চ ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে মেজর হাফিজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল দায়ের করি। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় জামিন হওয়ায় মেজর হাফিজের কারামুক্তিতে আর কোনো বাধা নেই।’
এর আগে গত ৫ মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২৩ সালের ২৮ ডিসেম্বর একই আদালত পৃথক দুই ধারায় হাফিজ উদ্দিনকে ২১ মাসের কারাদণ্ড দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ৪ জুন সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে গুলশান থানার মহাখালী ওয়ারল্যাস গেট পানির ট্যাংকির সামনের রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা প্রদান ও আক্রমণ করেন আসামিরা। রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন।
২০২২ সালের ২৫ এপ্রিল এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।